একের পর এক মামলা হচ্ছে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে। গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তার ভুল স্বীকার করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিজিএফআইয়ের সরবরাহ করা সংবাদ প্রচার করা ঠিক হয়নি বলে অকপটে স্বীকার করে নেন তিনি। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হচ্ছে।
২২ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত ডেইলি স্টার বলছে, মাহফুজ আনামের বিরুদ্ধে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলা ১৭টি আর মানহানির মামলা ৬২টি। অপরদিকে প্রথম আলো বলছে ১৪ দিনে মাহফুজ আনামের বিরুদ্ধে ৭৭টি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২১টি মানহানি অভিযোগে মামলা হয়েছে ৫১টি।
দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির অভিযোগে ২২ ফেব্রুয়ারি সোমবার আরও দুটি মামলা হয়েছে। এর মধ্যে ফরিদপুরে ৫০ কোটি ৫ লাখ টাকার ক্ষতিপূরণ ও চুয়াডাঙ্গায় ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়।
ফরিদপুরের মামলায় এবং গত ১৮ ফেব্রুয়ারি মাগুরায় করা ৫০ হাজার কোটি টাকার একটি ক্ষতিপূরণ মামলায় আদালত গত সোমবার মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন।
ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে সোমবার পর্যন্ত ১৪ দিনে দেশের বিভিন্ন স্থানে মোট ৭৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২১টি মামলা করা হয়েছে। আর মানহানির মামলাগুলোর মধ্যে ৫১টিতে ১ লাখ ২২ হাজার ৪৭০ কোটি ৫৫ লাখ টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রায় সব কটি মামলার বাদি ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী ও সরকারি কৌঁসুলি।
সোমবার চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলাটি করেন জেলা আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। আদালত আগামী ৮ মার্চ এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন।
ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে মানহানির একটি মামলা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ ব্যাপারী। এতে বাদির নিজের ৫ লাখ টাকা ও তাঁর দল আওয়ামী লীগের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।
বাদির আইনজীবী গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে মাহ্ফুজ আনামকে আগামী ১৫ মার্চ হাজির হতে সমন জারির আদেশ দিয়েছেন।
এদিকে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি মাগুরায় ৫০ হাজার কোটি টাকার মানহানির মামলা করেছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। ওই দিন আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ৮ মার্চ দিন ধার্য করেছিলেন।
সোমবার বিকেলে বাদির আইনজীবী রাশেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, বাদি একই দিন দুপুরে একই আদালতে মামলাটি গ্রহণ ও আদেশের আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে মাহ্ফুজ আনামকে ৮ মার্চ আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
একনজরে মামলা
৯ ফেব্রুয়ারি: ২
১১ ফেব্রুয়ারি: ৩
১৪ ফেব্রুয়ারি: ১৩
১৫ ফেব্রুয়ারি: ১৭
১৬ ফেব্রুয়ারি: ২১
১৭ ফেব্রুয়ারি: ১৩
১৮ ফেব্রুয়ারি: ৬
২২ ফেবব্রুয়ারি: ২























































