নিজস্ব প্রতিবেদক:
এক-এগারো ষড়যন্ত্র হয়েছিল বিশ্বাস করে থাকলে, কুশীলবদের কেন বিচারের আওতায় আনা হচ্ছে নাÑ প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে বিগত আন্দোলনে চট্টগ্রাম জেলায় হতাহত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান উপলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন, মাইনাস টু ফর্মুলা। আমরা যদি একসাথে থাকতাম, তাহলে এক-এগারোওয়ালাদের কিচ্ছু করার সাহস ছিল না। কিসের জন্য? ক্ষমতায় যেতে হবে, তাদের সাথে আঁতাত করার জন্য। এটার কোনো দরকার ছিল না।
খালেদা জিয়া বলেন, এক-এগারোর জন্য মাহফুজ আনাম (ডেইলি স্টার সম্পাদক) নয়, তিনি তো স্বীকার করেছেন। এর সাথে জড়িত গুটিকয়েক তো দেশেই আছে। তারা কেন এখনো বহাল তবিয়তে আছে, তারা কেন বাইরে আছে, ভেতরে নেই।
তিনি বলেন, তখন ডিজিএফআইয়ের প্রধান ছিল রুমি (মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমি), এখন দেশেই আছে। মাসুদ (লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী) তো অস্ট্রেলিয়ায় ছিলেন। কতবার এক্সটেনশন পেয়েছেন। কার মাধ্যমে পেয়েছেন এ সরকারের মাধ্যমে। কেন তাকে ধরা হয় না। এখন তো দেশেই আছেন। হাসান মাশহুদ চৌধুরী যিনি এন্টি কোরাপশনে ছিলেন, দেশেই আছেন শুনেছি। সে দুর্নীতি দমন কমিশনে এসব মামলা করেছে। তাদের কেন ধরা হয় না?
বিএনপি চেয়ারপারসন বলেন, যদি সততা থাকে, সত্যি যদি উনি (প্রধানমন্ত্রী) এটা মিন করে থাকেন, তাদের ধরে দেখিয়ে দেবেন, প্রমাণ করে দেবেন, উনি (প্রধানমন্ত্রী) এটা মিন করছেন, সত্যি বলছেন।
অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে নিহত চট্টগ্রামের পাঁচলাইশ শুলকবহরের হুমায়ুন কবিরের স্ত্রী জেসমিন আক্তার এবং আন্দোলনে আহত পাহাড়তলীর সাগরিকার দণি কাট্টলীর মো: আরাফাত, মো: ইয়াছির, মোহাম্মদ রাজিব, সরাইপাড়ার মো: বদরুল আলম, চাঁন্দগাঁও ৪নং ওয়ার্ডের নওশাদ আল জামসেদুর রহমান এবং খুলশীর ঝাউতলার শাহ আলম মুনের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করেন বিএনপি চেয়ারপারসন।
এক-এগারোর পরিস্থিতির কথা তুলে ধরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আরো বলেন, এক-এগারো অবৈধ সরকার। সেই সময়ের কথা উনি (প্রধানমন্ত্রী) এখন উঠিয়েছেন। তাদের (এক-এগারো সেনাসমর্থিত ফখরুদ্দীন আহমেদ) এর শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি (শেখ হাসিনা) গিয়েছিলেন। গণমাধ্যমের সবাই দেখেছেন। উনি সাংবাদিকদের বলেছেন, আমাদের আন্দোলনের ফসল। তার মানে উনি এটা (১/১১) করিয়েছেন। উনিও বাদ পড়তে পারেন না। এর অর্থ তিনি (শেখ হাসিনা) গণতন্ত্রকে শেষ করে দিয়ে অবৈধভাবে অগণতান্ত্রিক সরকারের হাত ধরে মতায় আসতে চান। যদি অন্যায় না করে থাকি তাহলে কিসের ভয়। তিনি (শেখ হাসিনা) তাদের সাথে কাকুতি-মিনতি করে ১১ মাসে বেরিয়েছেন।
এক-এগারো সময়ে নিজের কারাবাসের প্রসঙ্গ টেনে খালেদা জিয়া বলেন, আমি তাদের (এক-এগারো কুশীলব) সাথে রীতিমতো ফাইট করেছি। বলেছি- তোমাদের কথামতো আমি চলব না। আমার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমি জনগণের সাথে বেঈমানি করে কিছু করতে পারব না। দেশের মানুষের সাথে বেঈমানি করতে পারব না। সে জন্য আমি দেশ ছেড়ে কোথাও যাইনি। জেলখানায় ছিলাম। সেখানে আমি এক বছর আট দিন ছিলাম।
অন্য দিকে শেখ হাসিনার প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, উনি ১১ মাস পর বেরিয়ে বিদেশে চলে গেল, হাতে মেন্দি-টেন্দি লাগিয়ে। উনি যেসব কাজ করেছেন, এটা ঠিক করেননি। এরশাদেরও সমালোচনা করে তিনি বলেন, ও তো দালাল, সব সময় দালালিই করেছে।
দেশে আন্দোলন না থাকা সত্ত্বেও সরকারের দমন-পীড়নের কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, দেশ মোটেই ভালো নেই। প্রতিনিয়ত মানুষ ধরছে। আমাদের লোকজন জামিন পাচ্ছে, আবার জেলগেট থেকে নতুন মামলা দিয়ে কারাগারে নিয়ে যাচ্ছে। এগুলো কী? আমি বলব ওরা (সরকার ) এক-এগারোর লোকদের থেকেও খারাপ কাজ করছে। এর জন্য একদিন তাদের জবাব দিতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এটা নামমাত্র নির্বাচন। নির্বাচন নির্বাচন খেলা। গণতন্ত্রকে তারা হাস্যষ্পদ করে ফেলেছে। কারণ এ সরকার জনগণের রায় নিয়ে মতায় আসেনি। তারা অবৈধভাবে সরকারে আছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্য উদ্ধৃতি করে খালেদা জিয়া বলেন, প্রধান বিচারপতি যেগুলো বলেছেন, অবসরে যাওয়ার পরে আর রায় লেখার সুযোগ থাকে না। তার মানে উনি (সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক) অবসরে যাওয়ার আগে যে রায়টা দিয়েছেন, ওইটি কার্যকর। অর্থাৎ আরো দুইটি টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আমাদের দাবিও সেখানে।
তিনি বলেন, ২০১৪ সালে কোনো নির্বাচন হয়নি। কাজেই আমাদের দাবি আরেকটা নির্বাচন হতে হবে নিরপে সরকারের অধীনে। তাদের যদি কোনো ভয় না থাকে, তাহলে সবাইকে সমান সুযোগ দিয়ে সব দলের অংশগ্রহণে একটি নিরপে নির্বাচন দিন। আন্দোলনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, এখানে কথা উঠেছে, যারা আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছিল, তাদের দলে ভালো ভালো জায়গা দিতে হবে। আমিও দিতে চাই, কিন্তু আমাকে সহযোগিতা করতে হবে। সত্যিকারভাবে যারা কাজ করেছে, তাদের নামগুলো আমাকে দিতে হবে। ছাত্রদল ও যুবদলের ছেলেরা এখন ছোট নয়। এখন কিন্তু তাদের দলের দায়িত্ব নেয়ার সময় এসে গেছে। আমি বলব, বয়স্ক নেতা যারা আছেন, তারা দলকে অনেক দিয়েছেন, বয়স হয়েছে, এখন তাদের আমরা উপদেষ্টা পরিষদে নিয়ে তরুণদের সামনে আনব, যাতে তারা দেশ ও দলের জন্য কাজ করতে পারেÑ এটা আমার ইচ্ছা। আমি সবার সহযোগিতা চাই।
আন্দোলনে আহত নেতাকর্মীদের সহযোগিতায় দলের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান বিএনপি চেয়ারপারসন। সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফারহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।
এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।























































