শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রেনের পেছনে ইঞ্জিনের ধাক্কা, শিশু নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৬

gazipur-jugantor_5698-400x225
ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরে ট্রেনের পেছনে ইঞ্জিনের ধাক্কায় এক শিশু নিহত ও পাঁচজন জন আহত হয়েছে।

মঙ্গলবার রাত ৭টা ২০ মিনিটের দিকে জয়দেবপুর জংশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মামুনুর রশিদ (১২) আবুল কাশেমের ছেলে। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার লেপশিয়া গ্রামে। সে তার বাবা-মার সঙ্গে গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা এলাকার বারেক মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ৭টার দিকে জয়দেবপুর জংশনে যাত্রা বিরতি করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি কিছু দূর যাওয়ার পর হটাৎ গতি কমে যায়। এসময় ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি ঘুরানোর জন্য স্টেশনের তিন নম্বর লাইন থেকে দুই নম্বর লাইন দিয়ে দ্রুতযান এক্সপ্রেসটির পেছনে যাচ্ছিল।

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির গতি কমার ফলে তুরাগ ট্রেনের ইঞ্জিনটি দ্রুতযান ট্রেনের পিছনে প্রচ- গতিতে ধাক্কা দেয়। এসময় দ্রুতযান এক্সপ্রেসের পিছনের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে দ্রুতযান এক্সপ্রেসের পেছনের বগি এবং তুরাগ ট্রেনের ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় তুরাগ ট্রেনের ইঞ্জিনের সামনে হুকে বসে থাকা মামুনুর রশিদ নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।

এসময় দ্রুতযান এক্সপ্রেসের ৫জন যাত্রী আহত হয়।

আহতরা হলেন- রিয়েল (১৪), আতাউর রহামন (৩০), সজিব (১৩), আলী আজম (৫২) ও সুমন (২৫)। এদের মধ্যে সজিব কে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফাড এবং রিয়েলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে রেলওয়ে বিভাগের কর্মকর্তা কর্মচারি ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা ট্রেনের বগি ও ইঞ্জিনের মাঝখানে থাকা শিশুটির মরদেহ উদ্ধার করে।

পরে দ্রুতযান এক্সপ্রেসের যাত্রীদের রাত পৌনে ৯টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসে উঠিয়ে দেয়া হয়।

দুর্ঘটনার ফলে ট্রেন চলাচলের কোনো ব্যাঘাত হয়নি। রাতেই ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার কাজ শুরু করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি