শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির শীর্ষ দুই পদে দুই আসামি : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৬

 

Sheikh-Hasina

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির শীর্ষ দুই পদে পুনর্নিবাচিত খালেদা জিয়া ও তারেক রহমান-দু’জনই আসামি।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির কাউন্সিলকে ‘নাটক’ আখ্যায়িত করেন এবং বলেন, তারা কাকে নির্বাচিত করল? দুজনই আসামি, একজন এতিমের টাকা চুরি করার মামলার আসামি, আরেকজন তো ২১ অগাস্ট মামলার পলাতক আসামি। তার নাম ইন্টারপোলে ওয়ান্টেড তালিকায় আছে। তাহলে এই দল জনগণকে আর কী দেবে?

বিএনপির জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলটির চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় রোববার পুনর্র্নিবাচিত হয়েছে। তাদের দু’জনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে, যাকে বিএনপি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বলে দাবি করে আসছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, হাইকোর্ট বলেছে যে তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। অবৈধ ক্ষমতা দখলকারীর দল মানুষকে কী দেবে? তারা এদেশের রাজনীতিকে কলুষিত করছে।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বে মর্যাদা পেয়েছে, কিন্তু জিয়া-এরশাদ-খালেদা এ ভাষণ প্রচারে বারবার বাধা দিতে চেষ্টা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জাতিকে ধাপে ধাপে স্বাধীনতার চেতনায় গড়ে তোলেন। বঙ্গবন্ধু সাড়ে ৩ বছরের শাসনে বিশ্বের বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রথমে চট্টগ্রামের আ.লীগ নেতা হান্নান প্রচার করেছিলেন। এরপর দেশের বিভিন্ন এলাকায় দলের নেতারাও তা প্রচার করেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, আজ আমরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই। পৃথিবীর যেকোনো দেশ এখন আমাদের হিসেব করে। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আর আমাদের বিদেশিদের কাছে হাত পাততে হয় না। সবাই নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার সাথে চলব।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের পথ দেখিয়ে গেছেন। আমরা তার সেই দেখানো পথের স্বপ্ন বাস্তবায়িত করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি