ডেস্ক রিপোর্টঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ উন্নত চিকিৎসার জন্য ভারতের শিলং ছেড়ে রাজধানী নয়া দিল্লি গেছেন। বৃহস্পতিবার বিকালে তিনি দিল্লিতে পৌঁছান।
আজ শুক্রবার দিল্লির পাশ্ববর্তী গুরগাঁওয়ের বিখ্যাত বেসরকারি হাসপাতাল (মেডিসিটি মেদান্ত হাসপাতাল)-এ ভর্তি হবেন। সালাহ উদ্দিনের ঘনিষ্ঠ একটি সূত্র শুক্রবার আমাদের সময় ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
সালাহ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে শিলং সেশন কোর্ট তিনদিন আগে ভারতের অন্য যে কোনো প্রদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার অনুমতি দেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে শিংলয়ের আদালতে সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা চলছে।
তিনি শিলং শহরে দীর্ঘদিন ধরে জামিনে মুক্তি পেয়ে অবস্থান করছেন। শিলংয়ে আটকের পরের দিন থেকেই চিকিৎসাধীন আছেন তিনি। কিডনির জটিলতা, হৃদরোগ-চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত তিনি।
শিলং ছেড়ে সালাহ উদ্দিনের দিল্লি যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শিলংয়ের সার্দার পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিস্টার প্রসাদ টেলিফোনে এই প্রতিবেদকে বিষয়টি নিশ্চিত করেছেন। উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমস হাসপাতালে যাওয়ার জন্য সালাহ উদ্দিন আহমদ তাঁর আইনজীবীর মাধ্যমে শিলংয়ের আদালতে আবেদন করেছিলেন।
সালাহ উদ্দিনের এক আত্মীয় জানান, তার বাম দিকের কিডনির অবস্থা খুব খরাপ। হৃদরোগ ও চর্মরোগের সমস্যাও প্রকট। নিয়মিত তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে। শিলংয়ের একটি হাসপাতালে কয়েকজন চিকিৎসক তার কিডনি, হৃদরোগ ও চর্মরোগের চিকিৎসা করছেন। তার পা ফুলে গেছে। এ প্রেক্ষিতেই তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সালাহ উদ্দিন আহমেদের আইনজীবী এস পি মহন্তর জানান,‘তাকে (সালাহ উদ্দিন আহমেদ) দিল্লির এইমস হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছিল। তবে দিল্লির কোথায় তাঁর চিকিৎসা করানো হবে তা বিস্তারিতভাবে আদালতকে জানাতে হবে।’
গত বছর বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির মধ্যে ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ। যদিও পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এর প্রায় ২ মাস পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গলফ লিংক এলাকায় উদ্দেশ্যহীন ঘোরাফেরা অবস্থায় উদ্ধার হন তিনি। অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতীয় ‘ফরেনার্স অ্যাক্ট-৪৬’ এ দায়ের করা মামলার পর চার্জশিটও দেওয়া হয়েছে। শিলংয়ে আটক হওয়ার পর সালাহ উদ্দিন আহমেদ দাবি করেন, ‘আমাকে চোখ বন্ধ করে কে বা কারা ফেলে দিয়ে গেছে।’
এরপর শিলংয়ের আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। তবে আদালতের দেওয়া শর্ত ছিল- সালাহ উদ্দিনকে শিলং অবস্থান করে প্রতি সপ্তাহে সেখানকার পুলিশ সুপার কার্যালয়ে হাজিরা দিতে হবে। সেখানকার নামি আইনজীবী এস পি মোহান্ত সালাহ উদ্দিনের মামলার আইনগত দিকগুলো দেখভাল করছেন।
সালাহ উদ্দিন কিভাবে ভারতে গেলেন তার রহস্য এখনো উন্মোচিত হয়নি।























































