স্টাফ রিপোর্টার
দলীয় প্রতীকে প্রথম বারের মত অনুষ্ঠিত স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার দেবিদ্বারে নৌকা প্রতীকের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে স্বতন্ত্র প্রার্থীর নামে আওয়ামীলীগের একাধিক বিদ্রোহী প্রার্থী।
উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন এমন চিত্র ভেসে উঠেছে। ওই ৪টি ইউনিয়নের মধ্যে ২টি নেই ধানের শীর্ষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী। একটি ইউনিয়নে ভোট গ্রহণের দিন ব্যালট পেপারে ধানের শীর্ষ থাকলেও ওই ইউনিয়নে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। আর অপরটিতে ধানের শীর্ষ প্রতীকে বিএনপি মনোনীত দুর্বল প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থীর নামে বিএনপি’র হেভিওয়েট বিদ্রোহীর থাকায় ওই ইউনিয়নে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিপরীতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী।
২২ ফেব্র“য়ারী মনোনয়নপত্র জমা শেষে উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১৩টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিপরীতে বিএনপি’র মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ে ১২টি। একমাত্র বড়শালঘর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন জমা পড়েনি। যারফলে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে মাত্র দুই প্রার্থী রয়েছে। বড়শালঘর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম জারু এর বিপরীতে স্বতন্ত্র প্রার্থীর নামে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব ইউনুছ মাস্টার আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বরকামতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি’র মনোনীত প্রার্থী হারুনুর রশিদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় ৩ মার্চ ১৩ইউনিয়নের মধ্যে ১১টিতে ধানের শীর্ষ প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। যারফলে বরকামতা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন এর নৌকা প্রতীকের বিপরীতে স্বতন্ত্রের নামে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী নূরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নে তারা দুইজন ব্যতীত আর কোন চেয়ারম্যান প্রার্থী নেই।
এদিকে প্রতীক বরাদ্দের মাত্র চার দিন পর সুলতানপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন আকষ্মিক সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সির চাঁদাদাবী উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২২ মার্চ ভোট গ্রহণের দিন ওই ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে ধানের শীর্ষ প্রতীক থাকলেও নির্বাচনী মাঠে তৎপরতা নেই বিএনপি’র ওই প্রার্থীর। যারফলে ওই ইউনিয়নের পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম নৌকা প্রতীকের বিপরীতে শক্ত অবস্থান নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর নামে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দিন (আনারস)।
ভানী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম (ধানের শীষ) প্রতীকের বিপরীতে স্বতন্ত্র প্রার্থীর নামে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হারুনুর রশিদ (সিএনজি অটোরিক্সা) নির্বাচনী মাঠে অবস্থান করায় এবং দুই প্রার্থীকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ায় চালকের আসনে রয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা।
ওই ইউনিয়নে ১৮ ফেব্র“য়ারী দলীয় মনোনয়ন দিয়েছেন নূরুজ্জামান ভূইয়া মুকুলকে এবং ২০ ফেব্র“য়ারী মনোনয়ন দিয়েছেন বর্তমান চেয়ারম্যান এম.এ হান্নানকে। প্রথম মনোনীত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূরুজ্জামান ভূইয়া মুকুল এর নৌকা প্রতীকের বিপরীতে শক্ত অবস্থান নিয়েছেন ২০ তারিখে আওয়ামীলীগ মনোনীত অপর মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এম.এ হান্নান (আনারস)। ওই ইউনিয়নে বিএনপি’র দুর্বলতায় এবং আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থীদের শক্ত অবস্থানের কারণে নৌকা প্রতীকের বিপরীতে আওয়ামীলীগ প্রার্থী অবস্থান নিয়েছেন।


















































