শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রক্ত বেচে ভাত খাচ্ছেন ভারতের বুন্দেলখন্দের কৃষকরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৬

2016_03_28_20_37_55_v1KYjphZQjfoab2Hkfb3E85HJ7iIOc_original

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর ও মধ্য প্রদেশের মাঝে বিভক্ত একটি পাহাড়ি অঞ্চলের নাম বুন্দেলখন্দ। গত কয়েক বছর যাবত এই অঞ্চলের আবহাওয়াতে এসেছে ভূতুড়ে পরিবর্তন। খরা, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, শীত ও আচমকা অত্যধিক গরমের ফলে একেবারে নষ্ট হয়ে গেছে কৃষিকাজের উপযোগী আবহাওয়া। বেকার সমস্যা বাড়তে বাড়তে মানুষের অবস্থার এতোটাই অবনতি হয়েছে যে পেটের তাগিদে তারা ছুটছেন পার্শ্ববর্তী শহরে। কৃষিকাজ বাদ দিয়ে তাদের দিন কাটছে দিন মজুরি করে।

কিন্তু দিন মজুরি করে সংসার চালানো কঠিন ব্যাপার। তাছাড়া বয়স্ক মানুষদের জন্য সেটা আরও কঠিন। বদ্গাঁও গ্রামের ৬০ বছর বয়সী এরকমই এক কৃষক কর্ণ জানিয়েছেন, পরিবার নিয়ে শুধুমাত্র একবেলা ভাত খাওয়ার জন্য তাকে রক্ত বিক্রি করতে হচ্ছে এখন।

দিন মজুরি করে কোনক্রমে দিন কাটছিল তার। এরমধ্যে হঠাৎ তার ছেলে অসুস্থ হয়ে পড়ায় কোনো কুল কিনারা না পেয়ে তিনি টাকার জন্য রক্ত বিক্রি শুরু করেন। দু’বোতল রক্তের বিনিময়ে তিনি পান মাত্র ১২শ’ টাকা।

কর্ণের মত গ্রামের আরও অনেক মানুষ এখন রক্ত বেঁচে সংসার চালাচ্ছেন। তাদের আর কিছু করার নেই। যারা কোনভাবেই রোজগারের পথ পাচ্ছেন না তদের অনেকে বাধ্য হয়ে আত্মহত্যা করছেন শেষপর্যন্ত। গত ৫ বছরে বুন্দেলখন্দে আত্মহত্যা করেছেন ৩২শ জনেরও বেশি কৃষক।

এই পরিস্থিতি থেকে সহজেই আঁচ পাওয়া যায় ঠিক কেমন জীবন কাটছে বুন্দেলখন্দের কৃষকদের। পানি সরবরাহ ও সংরক্ষণের সাথে যুক্ত সমাজসেবী ও স্টকহোম ওয়াটার পুরুস্কার প্রাপ্ত রাজেন্দ্র সিং বলেছেন, কৃষকদের অবস্থা শোচনীয়। একেরপর এক খরাতে ঐ অঞ্চলের মানুষের কৃষিকাজ পুরোপুরি বন্ধ। সামনের দিনগুলোতে আরও ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি