প্রত্যাশা ছিল অনেককে নিয়েই। কারও আগের পারফরম্যান্সের কারণে, কারও নামের ভারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই প্রত্যাশা কেউ মেটাতে পেরেছেন, কেউ ব্যর্থ হয়েছেন চরমভাবে। আর সেই ব্যর্থতার মূল্য দিয়েছে তাদের দল। আলো ছড়াবেন বলে প্রত্যাশা ছিল, কিন্তু জ্বলে উঠতে পারেননি এমন কয়েকজনের গল্প:
ডেভিড ওয়ার্নার
ইনিংস ৪, রান ৩৮, সর্বোচ্চ ১৭, স্ট্রাইক রেট ১০৮.৫৭
দলের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। সঙ্গী ছিল আইপিএল খেলার অভিজ্ঞতা। এই বিশ্বকাপে খুব স্বাভাবিকভাবেই তাঁর কাছে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু উসমান খাজাকে ওপেনিংয়ে জায়গা দিতে গিয়ে বেশ ওয়ার্নারকে নেমে যেতে হয় ৪ নম্বরে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ওই পজিশনে খারাপ করেননি। কিন্তু বিশ্বকাপে তাঁর ব্যাট হাসল না একেবারেই। প্রথম দুটি ম্যাচের পর স্মিথ চারে নেমে গিয়ে তাঁকে তিনে পাঠিয়েছেন। তাতেও লাভ হয়নি।
এবি ডি ভিলিয়ার্স
ইনিংস ৪, রান ১১০, সর্বোচ্চ ৬৪, স্ট্রাইক রেট ১৮০.৩২
অন্য কেউ হলে এই পারফরম্যান্সের পর ঠিক ব্যর্থ বলা যেত না। কিন্তু তিনি যে এবি ডি ভিলিয়ার্স! সমকালীন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ২৯ বলে ৬৪ রানের ইনিংসটা ছাড়া ডি ভিলিয়ার্সকে সেই রূপে দেখা গেল কই! ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা, দুটি ম্যাচেই ভীষণভাবে ব্যর্থ ডি ভিলিয়ার্স। অথচ ওই দুটি ম্যাচে তিনি আর মিনিট পনেরো করে ক্রিজে থাকলেই গল্পটা অন্য রকম হতে পারত।
ডেল স্টেইন
ওভার ৬, রান ৬৮, উইকেট ১, ইকোনমি ১১.৩৩
মরনে মরকেলকে না নিয়ে তাঁকে রাখা হয়েছিল বিশ্বকাপ দলে। সেটি তাঁর অভিজ্ঞতা আর টি-টোয়েন্টিতে সাফল্যের কারণেই। এই টুর্নামেন্টের আগে ৪২ ম্যাচে ৫৮ উইকেট, ইকোনমি ৬.৭১। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই মাত্র ২ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য থাকায় পরের দুটি ম্যাচে দলে জায়গাই হলো না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফিরলেন, কিন্তু কম রানের ওই ম্যাচেও ৪ ওভারে ৩৩ রান দিয়ে মাত্র ১ উইকেট।
সুরেশ রায়না
ইনিংস ৪, রান ৪১, সর্বোচ্চ ৩০, স্ট্রাইক রেট ১২৪.২৪
টি-টোয়েন্টিতে তিনি ভারতের সেরা ব্যাটসম্যানদের একজন। আইপিএলে অসাধারণ পারফরম্যান্স। কিন্তু সেই সুরেশ রায়নাই ঘরের মাঠে বিশ্বকাপে কী নিদারুণ ব্যর্থ। ওপরের দিকে ব্যাট করার সুযোগ পান না বলে আফসোস ছিল, এবার কিন্তু অধিনায়ক ধোনি তাঁকে সুযোগ দিয়েছেন ৪ নম্বরে ব্যাট করার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটায় ২৩ বলে ৩০ রানের ইনিংসটা বাদ দিলে রায়নাকে খুঁজেই পাওয়া যায়নি টুর্নামেন্টে।
রোহিত শর্মা
ইনিংস ৫, রান ৮৮, সর্বোচ্চ ৪৩, স্ট্রাইক রেট ১০৭.৩১
এটা হতে পারত তাঁর বিশ্বকাপ। সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মাকে নিয়ে ভারতের প্রত্যাশা তো এমনই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে ৪৩ রানের ইনিংসটা বাদ দিলে বাকি ৪ ম্যাচে তাঁর মোট রান ৪৫। গড়পড়তা মানের চেয়েও খারাপ বলা যায়। অথচ শুরুর দিকে তাঁর জ্বলে ওঠাটাই খুব দরকার ছিল ভারতের জন্য।
শিখর ধাওয়ান
ইনিংস ৪, রান ৪৩, সর্বোচ্চ ২৩, স্ট্রাইক রেট ৮২.৬৯
রোহিত শর্মার সঙ্গে তাঁর ওপেনিং জুটিটা নিয়ে ভারতের অনেক প্রত্যাশা থাকে। একজন ব্যর্থ হলে দায়িত্ব বেড়ে যায় অন্যজনের। কিন্তু শর্মার মতো শিখর ধাওয়ানও কিছুই করতে পারেননি। বিশ্বকাপ শেষে টুইটারে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তাতে কি আর সমর্থকদের আক্ষেপটা কমবে! ৪ ম্যাচের রান, স্ট্রাইক রেট কিছুই তাঁর নামের সঙ্গে যায় না।
মুশফিকুর রহিম
ইনিংস ৫, রান ৪৪, সর্বোচ্চ ১৮, স্ট্রাইক রেট ১০৪.৭৬
পাওয়ার হিটার তিনি নন। বরং মুশফিকুর রহিমের খ্যাতি দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য। সতীর্থ তামিম ইকবালের চোখে তিনি বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান। এই টুর্নামেন্টে সেটি মুশফিক দেখাতে পারেননি। এশিয়া কাপ থেকেই অবশ্য তাঁর ব্যাট নীরব। সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা বেড়ে গিয়েছিল—হয়তো আসল মঞ্চেই জ্বলে উঠবেন। সেটা তো পারেননিই, উল্টো ভারতের বিপক্ষে ম্যাচটায় বাজে শট খেলে আউট হওয়ার স্মৃতিটা মুশফিককে তাড়িয়ে বেড়াবে।
শহীদ আফ্রিদি
ইনিংস ৪, রান ৯০, সর্বোচ্চ ৪৯, স্ট্রাইক রেট ১৮৩.৬৭
বল হাতে মোটামুটি, ৪ ম্যাচে ৪ উইকেট। ইকোনমি ৭.৪৩। কিন্তু ব্যাট হাতে আফ্রিদিকে স্বরূপে দেখা গেছে খুব কমই। বাংলাদেশের বিপক্ষে ১৯ বলে ৪৯ রানের ম্যাচ জেতানো ইনিংসটা বাদ দিলে বাকি ৩ ম্যাচে ৪১ রান। ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আফ্রিদি। তবে অনেকেই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারেরই শেষ দেখছেন এখানে

























































