ইমতিয়াজ আহমেদ জিতু ।।
কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ কামুদা প্রসাদ সাহা বলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষনের কোন আলামত পাওয়া যায়নি । পাওয়া যায়নি মৃত্যুর কোন সুনির্দিষ্ট কারণও । পৃথিবীতে প্রায় ২ থেকে ৫ ভাগ ময়নাতদন্তে অনেক সময় মৃত্যুর কোন সুস্পষ্ট কারণ পাওয়া যায় না।
সোমবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ কামুদা প্রসাদ সাহা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাঃ কামুদা প্রসাদ সাহা আরো বলেন, দ্বিতীয় ময়নাতদন্তের রির্পোট কখন আসবে তা এখনই বলা যাচ্ছে না।
উল্লেখ্য যে, গত ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে কুমিল্লা সেনানিবাস এলাকার কালভার্টের পাশের ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তনু হত্যাকান্ডের কয়েকদিন পর মামলাটি কুমিল্লা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে লাশের পুনঃময়নাতদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম আদালতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম লাশ উত্তোলনের আদেশ দেন। ৩০ মার্চ বেলা পৌণে ১২ টায় মরাদনগরের তনুর গ্রামের বাড়ি মির্জাপুর কবরস্থান থেকে তনুর লাশ উত্তোলন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পুনঃ ময়নাতদন্ত করে ওই দিনই তনুর লাশ পুনরায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। এদিকে ২৯ মার্চ মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।


























































