শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেখ হাসিনা নিজেও আঙ্গুলের ছাপে সিম নিবন্ধন করবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

sim-1-400x233
ডেস্ক রিপোর্টঃ

আঙ্গুলের ছাপে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে ভয়ের কোনো কারণ নেই। এতে ঝুঁকি নেই। আঙ্গুলের ছাপ নিয়ে কোনো মোবাইল কোম্পানি অপব্যবহার করলে ৩০০ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জনগণকে এ বিষয়ে নিশ্চিত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ৩০ এপ্রিলের মধ্যে আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করবেন বলে অবহিত করেন মন্ত্রিসভাকে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী জনগণকে এ ব্যাপারে নিশ্চিত থাকতে বলেছেন। তিনি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ দেওয়ায় নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই। কারণ সিম নিবন্ধনকালে কোম্পানিগুলো যে ডিভাইসের মাধ্যমে আঙ্গুলের ছাপ নিচ্ছে, সেটা সরাসরি জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারে চলে যাচ্ছে। জাতীয় পরিচয়পত্র তৈরির সময় প্রত্যেকের আঙ্গুলের যে ছাপ নেওয়া হয়েছে তার সঙ্গে ভেরিফাই করছে নতুন এই বায়োমেট্রিক পদ্ধতি। মিল থাকলে আঙ্গুলের ছাপ গ্রহণ করে ডিভাইসটি ফিরতি মেসেজে সেটা জানিয়ে দিচ্ছে। তাই বাংলাবায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধনে গ্রাহকরা আঙ্গুলের ছাপ দিলেও তাতে কোনো ঝুঁকিতে পড়বে না এবং আতঙ্কিত হওয়ারও কিছু নেই বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এদিকে মন্ত্রিসভার একাধিক সদস্য জানান, আঙ্গুলের ছাপ দিয়ে সিম পুনঃনিবন্ধন নিয়ে জনগণের মধ্যে আশঙ্কা ও সমালোচনা হচ্ছে, তা মন্ত্রিসভার বৈঠকে তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ব্যাপারে ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, মোবাইল অপারেটরদের কাছে কোনো তথ্য জমা থাকছে না। মোবাইল অপারেটরদের বায়োমেট্রিক সিম নিবন্ধন যন্ত্রে আঙ্গুলের ছাপ সংরক্ষণেরও কোনো ব্যবস্থা নেই। এটা কোনোভাবে অন্য কোথাও ব্যবহার করা যায় না। অপারেটররা শুধু জাতীয় পরিচয়পত্র তথ্য ভাণ্ডারের সঙ্গে গ্রাহকদের তথ্য মিলিয়ে নিচ্ছে।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, ম্যাচিং করার পর এগুলো (আঙ্গুলের ছাপ) অটোম্যাটিক্যালি অকার্যকর হয়ে যাবে। ম্যাচিং করার সঙ্গে সঙ্গে সেখান (এনআইডি সার্ভার) থেকে একটি কোড নম্বর দিয়ে বলা হবে এটা ঠিক আছে। সিমের রেজিস্ট্রেশন শেষ হলে তারা রি-কনফার্ম করে বিষয়টি জানিয়ে দেবে। তিনি আরও বলেন, এটুকুই কাজ। এটার জন্য নাগরিকদের কোনো হয়রানির শিকার হওয়া বা তাদের এ ফিঙ্গার প্রিন্ট অন্য কোনো কাজে লাগানো বা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে টানাটানি করা, এ ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো আশঙ্কা নেই।

মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ের নিজ দফতরে ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সুযোগ সব মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে দেশব্যাপী ছড়িয়ে থাকা ডাকঘরগুলোতে সিম নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে। এ সময় তিনি সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এবং জনগণকে আশ্বস্ত করতে নিজের সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করিয়ে নিবেন আগামী ৩০ এপ্রিলের মধ্যেই। তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রীর সিম পুনঃনিবন্ধনের মাধ্যমে জনগণ আবারও আশ্বস্ত হবে, আমরা কোনো আঙ্গুলের ছাপ সংরক্ষণ করছি না। জনগণের সর্বোত্তম স্বার্থ সংরক্ষণের জন্য সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ ভিওআইপি এবং মানুষের ক্ষতিকারক বিষয় বন্ধের জন্য নিজের সিমের মালিকানা নিজের স্বীকার করে নিতে হচ্ছে এবং ভেরিফিকেশন করাতে হচ্ছে। তিনি বলেন, এনএইডিতে আমরা চিঠি লিখছি, কোনো কারণে যাদের আঙ্গুলের ছাপ পাওয়া না যায়, এনআইডির আঞ্চলিক অফিসে তারা যাবে, সেখানে যদি ডিভাইসগুলো থাকে, তাদের আর বেশি যেন ঘোরাঘুরি করতে না হয় সেখানেই যেন ভেরিফিকেশনের কাজটি করে নিতে পারেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৯ হাজারের বেশি ডাকঘরে বায়োমেট্রিক ডিভাইস রাখার নতুন একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সিম নিবন্ধনের জন্য প্রত্যেক ডাকঘরে অপারেটরও থাকবেন। আগামী এক সপ্তাহের মধ্যে ডাকঘরে নিবন্ধন সেবা চালু করা সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী জানান। ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম মালিককে সতর্ক করতে প্রথমে কয়েক ঘণ্টা করে সিম বন্ধ করে রাখা হবে জানিয়ে তারানা হালিম বলেন, এরপরও কেউ যখন নিবন্ধন করতে আসবেন না, তখন আমাদের ধরে নিতে হবে, এটি সেই সিমগুলো যেগুলো বিভিন্ন অন্যায় কাজের জন্য ব্যবহƒত হয়। এটার মালিকানা কেউ স্বীকার করে নিতে রাজি নন। সেই সিদ্ধান্ত অনুসারে সিমগুলো বন্ধ হয়ে যাবে। এই নিবন্ধন কার্যক্রমের মধ্য দিয়ে কোনো গোষ্ঠীস্বার্থে নয়, সব মানুষের  কল্যাণের জন্য এই উদ্যোগ। সম্পাদনা : দীপক চৌধুরী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি