শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই মাসে পুলিশের গুলিতে ১৪ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

police1

ডেস্ক রিপোর্টঃ

পুলিশের গুলিতে নিহতের ঘটনা বাড়ছে। এখন অহরহ ঘটছে গুলির ঘটনা। পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধা নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ক্যাম্পাস। গতকালও তারা শাহবাগ অবরোধ করে রাখে। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত ৩১ মার্চ মাদারীপুরে মৃত্যু হয় সুজনের। গতকাল বাঁশখালীতে পুলিশের গুলিতে ৬ জন নিহতের ঘটনা ঘটছে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর বিকেলে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে চারজন নিহত হন। ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে ২১ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে একটি রিট আবেদন করেন আইনজীবী সালমা আলী। এর রেশ কাটতে না কাটতেই আবারও পুলিশের গুলিতে মৃত্যুও ঘটনা ঘটলো। গত দুই মাসে পুলিশের গুলিতে নিহত হয়েছে ১৪ জন।

৪ এপ্রিল এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গ-ামারা ইউনিয়নে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তঃসত্ত্বা এক মহিলাসহ ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা সম্পর্কে পুলিশ ও স্থানীয় সূত্র দুই রকম ভাষ্য দিয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে গ-ামারা ইউনিয়নের হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে পক্ষে-বিপক্ষে সমাবেশে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করায় এলাকাবাসীর মিছিলে গুলি চালায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের কারও মতে নিহতের সংখ্যা ছয়, আবার কারও মতে আট। সংঘর্ষের সময় পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ৪ এপ্রিল রাজধানীর হাজারীবাগের ঝাউচরে পুলিশের গুলিতে মো. রিপন (২৮) নামে ডাকাতি মামলার এক আসামি আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আটক করা হয়েছে আরো চারজনকে। গ্রেফতাররা হলেন মনির হোসেন (৩০), সজীব আহমেদ (২০) ও আল-আলিম (২২)।

পুলিশ জানায়, হাজারীবাগের ঝাউচর এলাকায় অভিযান চালানোর সময় আসামিরা পালাতে গেলে পুলিশ গুলি চালায়। তখন রিপনের ডানপায়ে গুলি লাগে। রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩১ মার্চ মাদারীপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার ‘ব্যালট বাক্স ছিনতাইয়ের সময়’ পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে।

নিহত সুজন মৃধা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, ‘ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিরাঙ্গল মাদ্রাসা কেন্দ্রে ভোট শেষে পুলিশ ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় একটি বস্তা নিয়ে দৌড় দেয় সুজন। ‘তখন পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তারপরও সে না থামলে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

৩১ মার্চ ইউনিয়ন পরিষদ দ্বিতীয় ধাপে নির্বাচনে সহিংসতায় সন্দ্বীপে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছে। তারা হলেন, সানাউল্লাহ, জামাল ও ইব্রাহিম।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( জেলা উত্তর) মোস্তাফিজুর রহমান জানান, দুই সদস্য প্রার্থীর সমর্থরা ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করছিল। এ সময় বাধা দেওয়া হলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুড়ে।  পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন

১৭ মার্চ মাগুরার শালিখায় মহাসড়কে নৈশ কোচে ‘ডাকাতির চেষ্টার সময়’ পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। উপজেলার রামকান্তপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনায় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল ইসলাম জানিয়েছেন।

নিহত ওবাইদুর শিকদার উপজেলার হাটবাড়িয়া গ্রামের মেজবাউদ্দিনের ছেলে। তার ডাকাতির অভিযোগে সাতটি মামলা রয়েছে।

২০ ফেব্রুয়ারি রাঙ্গামাটিতে সহকর্মীর রাইফেল থেকে অসাবধানতাবশত বের হওয়া গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত হন। এ ঘটনা ঘটনা ঘটেছে রাঙ্গামাটি পুলিশ লাইনে। নিহত পুলিশ কনস্টেবল পূর্ণয় বড়ুয়া মাত্র চারমাস আগে প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগদান করেছিলেন। সে চট্টগ্রামের রাউজানের পূর্ব গোজরা হোয়ারা পাড়ার জনৈক শেখর বড়ুয়ার সন্তান। এ ঘটনায় নিহতের অপর সহকর্মী সৌরভ বড়ুয়া ঘটনার আকস্মিকতায় সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করেন।

৯ ফেব্রুয়ারি নরসিংদীর মাধবদীর শীর্ষ সন্ত্রাসী আরিফ (২৬) পুলিশের গুলিতে নিহত হয়েছে। নরসিংদীর পাঁচদোনার সৈকারদী গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত সন্ত্রাসীর নাম আরিফ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি