পেট্রলবোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় কুমিল্লার আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী।
বুধবার সকালে তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরার দরখাস্ত দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভীর অন্যতম আইনজীবী অ্যাড. নাজমুস সা’দাত।
অ্যাড. নাজমুস সা’দাত জানান, গত বছরের ৩ ফেব্র“য়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালায়। এই মামলায় রুহুল কবির রিজভীকে আসামি করা হয়। এ মামলায় আদালতে হাজিরা দিতে তিনি কুমিল্লা আসেন।
সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন জোটের টানা হরতাল অবরোধ চলাকালে বাসে পেট্রলবোমা হামলা ও হতাহতের এ ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জামায়াতের কেন্দ্রীয় পরিষদ সদস্য ও চৌদ্দগ্রাম আসনের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে চৌদ্দগ্রাম থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। এ মামলার বাদী চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান।
এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী কুমিল্লায় পৌঁছালে দলের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় জমায়।
জামিন শেষে আদালত থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার নেতৃত্ববিহীন একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দিয়ে সরকার গঠন করবে ও সেই সরকারের জনগণের কাছে জবাবদিহিতা থাকলে, পথে ঘাটে মানুষ মরতো না, বিচারবহির্ভূত হত্যাকা-, গুম , মুক্তিপণ আদায়ের সংস্কৃতি চালু হতো না। তনু হত্যার মধ্য দিয়ে সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সকলে উপলব্ধি করতে পারি। যতদিন এই অবৈধ সরকার তার অস্তিত্ব নিয়ে টিকে থাকবে ততদিন দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকবে না।
এর আগে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা তার জামিন আবেদন মঞ্জুর করেন। এবং মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবির মাধ্যমে হাজিরা দেওয়ার আদেশ দেন।
উল্লেখ্য ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে একটি যাত্রীবাহি বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ৮জন নিহত হয়। এ ঘটনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ, কেন্দ্রীয় ৬ নেতাকে হুকুমের আসামী এবং ৫৬জনের নামোল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।


















































