গত বছর পহেলা বৈশাখে টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় একজনকে গ্রেফতার করে দুই দফায় রিমান্ডে নিলেও মামলার রহস্যের জট খোলেনি এখনো। এর আগে কোনো আসামি গ্রেফতার করতে না পেরে মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলো পুলিশ।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার বিধান থাকায় চূড়ান্ত প্রতিবেদন দিতে বাধ্য হয়েছিলেন তারা।
এদিকে বিশ্লেষকরা বলছেন, এক বছরেও এরকম একটি চাঞ্চল্যকর মামলার নিষ্পত্তি করতে না পারাটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতার পরিচায়ক।
গত বছর পহেলা বৈশাখের সন্ধ্যায় টিএসসি এলাকায় বখাটেদের হাতে লাঞ্ছিত হন অনেক নারী। যার চিত্র ধরা পড়ে আশপাশের নিরাপত্তা ক্যামেরায়। দেশজুড়ে আলোড়ন তোলা ওই ঘটনার পর অভিযোগ উঠে বখাটেদের কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করা হলেও ছেড়ে দেয়া হয় তাদের।
এ অবস্থায় চারদিকে যখন নিন্দার ঝড় তখন ১৫ এপ্রিল শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে পুলিশ। ২৩ এপ্রিল মামলার তদন্তভার দেয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। আসামিদের ধরিয়ে দিতে ঘোষণা করা হয় পুরস্কার। কয়েক মাস তদন্তের পরেও কাউকে গ্রেফতার করতে না পেরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।
তবে, চলতি বছরের ২৮ জানুয়ারি কামাল নামে একজনকে গ্রেফতারের পর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়। কামালকে দুই দফায় সাতদিন রিমান্ডে নিলেও পাওয়া যায়নি কিছুই।
পুলিশ বলছে, ভিডিও ফুটেজ থেকে আটজনকে শনাক্ত করেছিলেন তারা। তবে ঘটনার ব্যাপারে কোনো অভিযোগকারী কিংবা সাক্ষী না পাওয়ায় আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। কিন্তু আসামি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গেই মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়।
গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘নারী নির্যাতন মামলার একটা সময় দেয়া আছে। আমরা দুইবার সময় বাড়িয়ে দেয়ার পরও আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। একপর্যায়ে আমরা মামলাটি পুলিশ রিপোর্ট দিতে বাধ্য হই।’
কামাল ছাড়া আরো যে সাতজনকে শনাক্ত করা হয়েছিল তাদের গ্রেফতার করতে পারলে মামলার রহস্যের জট খুলবে বলেও আশা পুলিশ কর্মকর্তাদের।


























































