শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৬

109926_194-400x240
ডেস্ক রিপোর্টঃ

দিনাজপুরের হিলিতে ৪ বছরের শিশু আবতাহি অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অবশেষে তাকে হত্যা করেছে অপহরণকারীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী বাড়ির একটি ছাদ থেকে অপহৃত ওই শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পার্শ্ববর্তী বাড়ির মালিক আমজাদ আলী (৫০) ও ছেলে সামিউল (২০)কে আটক করা হয়েছে।

এছাড়া শিশু আবতাহি (৪) হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে রাতভর বিক্ষোভ মিছিল হয়েছে হিলিতে। বিক্ষুব্ধ এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল করেছে।

জানা গেছে, হাকিমপুর মুহাড়াপাড়ার বাড়ির বারান্দায় আপন মনে খেলাধুলা করার সময় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ হয় ৪ বছরের শিশু আবতাহি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সোমবার রাতে হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি করে শিশুর বাবা প্রিন্সিপাল অধ্যাপক আলহাজ্ব মামুনুর রশিদ আজাদ। মঙ্গলবার সকালে নিখোঁজ শিশুটির অভিভাবকের কাছে মুঠোফোনে ম্যাসেজের মাধ্যমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। বিষয়টি থানায় অবগত করেন অপহৃত শিশুটির পিতা হাকিমপুর মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আলহাজ্ব মামুনুর রশিদ আজাদ। পুলিশ ওই মুঠোফোনের নম্বর ট্র্যাক করে অপহরণকারীদের স্থান চিহ্নিত করে। শিশু আবতাহির মুহাড়াপাড়াস্থ পাশের আমজাদ আলীর বাড়ির ছাদ থেকে শিশু আবতাহির বস্তাবন্দী লাশ এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে পুলিশ। অধ্যাপক আলহাজ্ব মামুনুর রশিদ আজাদের একমাত্র সন্তান আবতাহি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেসুর রহমান ছুঁটিতে রয়েছে। তার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরানুল কবির জানান, শিশুটি আমরা জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলেও লাশ উদ্ধার করেছি। অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করেছে পার্শ্ববর্তী বাড়ির লোকজন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা আমজাদ আলী (৫০) ও তার ছেলে সামিউল (২০)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

এদিকে শিশু আবতাহি (৪) হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে রাতভর বিক্ষোভ মিছিল হয়েছে হিলিতে। বিক্ষুব্ধ এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি