শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রিজার্ভ চুরিতে ২০ বিদেশি শনাক্ত, জড়িত বিবি কর্মকর্তারও: সিআইডি


রিজার্ভ চুরিতে ২০ বিদেশি শনাক্ত, জড়িত বিবি কর্মকর্তারও: সিআইডি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

6aa420b86825414ea3a4df1e7cd9391a_18-400x225

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের  ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন রিজার্ভ চুরির ঘটনায় জড়িত ২০ বিদেশিকে শনাক্ত কর‍া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত আছেন বলে জানিয়েছে সিআইডি।

সোমবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শাহ আলম এ কথা জানান।

তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনা তদন্তের অংশ হিসেবে সিআইডির দু’টি টিম সংশ্লিষ্ট দু’টি দেশ ফিলিপাইন ও শ্রীলঙ্কায় যায়। এই অপরাধে ২০ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কিন্তু তদন্তের স্বার্থে কারও পরিচয় বলা যাচ্ছে না।

শাহ আলম বলেন, অসতর্কতার কারণে রিজার্ভ চুরি হয়েছে, নাকি কেউ এই অপরাধে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে বাংলাদেশের কোন লিংক থেকে এই চুরির নির্দেশ দেওয়া হয়েছে, সেটিও এখন তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

বিদেশিদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তাদের বিচারের আওতায় আনা যাবে কিনা কিংবা কীভাবে তাদের বিচারের আওতায় আনা হবে তা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত আইনেই যে কোনো বিদেশিকে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতাও পাওয়া যাবে।

ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ঢুকে ১০১ মিলিয়ন ডলার লোপাটে মোট ৩৫টি স্থানান্তরের অনুরোধ পাঠায় হ্যাকাররা। এরমধ্যে ত্রিশটি আটকে যায় এবং চারটি অনুরোধে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করে বিলি-বণ্টন করা হয়। অন্যদিকে শ্রীলঙ্কায় পাঠানো বাকি ২০ মিলিয়ন ডলার হ্যাকারদের বানান ভুলের কারণে ফেরত আসে।

এদিকে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ায় অপরাধী চক্রের ছয় সদস্যকে গ্রেফতরা করা হয়েছে। বিভিন্ন সময় আটক করা এই অপরাধীদের গত রোববার রিমান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

ডিআইজি জানান, এক ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে ওই ছয়জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিভিন্ন রকম লোভ দেখিয়ে বা সুযোগের কথা বলে তারা বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। তাদের সিম সংক্রান্ত তথ্য দেওয়ায় একটি মোবাইল অপারেটরের কতিপয় অসাধু কর্মকর্তা জড়িত বলেও জানিয়েছে তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি