শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দোহাজারী থেকে কক্সবাজারে রেললাইনকে ফাস্ট ট্র্যাক করার নির্দেশনা প্রধানমন্ত্রীর


দোহাজারী থেকে কক্সবাজারে রেললাইনকে ফাস্ট ট্র্যাক করার নির্দেশনা প্রধানমন্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

pm
ডেস্ক রিপোর্টঃ

দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের সীমান্তবর্তী গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক (রেললাইন) নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) কার্যনির্বাহী কমিটি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া একনেক বৈঠকে আরও ৭টি প্রকল্পের সঙ্গে এ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজারে রেললাইন নির্মাণ প্রকল্প তিন বছরে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পটিকে তিনি ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে গ্রহণ করার কথা বলেন। তার নির্দেশনার প্রেক্ষিতে প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা এ প্রকল্পটিকে ৩ বছরের মধ্যে শেষ করতে পারবেন বলেই প্রধানমন্ত্রীকে জানান।

জানা গেছে, ১৮৯০ সালে মিয়ানমার রেলওয়ে কর্তৃক চট্টগ্রাম থেকে রামু ও কক্সবাজার হয়ে মিয়ানমার পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য সার্ভে করা হয়। কিন্তু তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নির্মাণ সম্ভব হয়নি। পরে ২০১০ সালের ৬ জুলাই একনেক সভায় দোহাজারী থেকে কক্সবাজার এবং রামু থেকে গুনদুম রেললাইন নির্মাণ প্রকল্প পাস হয় একনেকে। কিন্তু উন্নয়ন সহযোগী সংস্থা থেকে অর্থায়নের বিষয়টি নিশ্চিত না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম বিলম্ব হতে থাকে। পরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সিঙ্গেল লাইন ট্র্যাককে মিটারগেজের পরিবর্তে ডুয়েলগেজ ট্র্যাকে নির্মাণের জন্য বলা হয়। প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় ১ হাজার ৮৫২ কোটি ৩৫ লাখ টাকা প্রাক্কলন করা হলেও মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় এর ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকার প্রদান করবে ৪ হাজার ৯১৯ কোটি ৭ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে আসবে ১৩ হাজার ১১৫ কোটি ৪১ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি