বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর চাপ বাড়ছে। এই চাপ রয়েছে নানা দিক থেকে। কিন্তু তিনি কোনোটাই যথাযথভাবে সামলে নিতে পারছেন না। এই কারণে বিএনপি আপাতত নতুন করে কোনো কর্মসূচিও দিতে পারছে না। নতুন করে কোনো আন্দোলনেও যেতে পারছে না।
চলতি বছরে বিএনপি কঠোর আন্দোলনে যাবে এমন কোনো পরিকল্পনা এখনও পর্যন্ত করতে পারেনি বরং বিএনপি চিন্তা করছে এখন সময় পাড় করা ও দলের জন্য কাজ করা। বিএনপি চেয়ারপারসনের কাজের পরিধিও অনেক সংকীর্ণ হয়ে এসেছে। তিনি কোনো সভা, সমাবেশ করছেন না।
তনু হত্যা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার ও তাকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে দাবি করলেও কোনো কমসূচি দিতে পারছেন না। এই কারণে নেতারাও কিছুটা হতাশ হচ্ছেন। বিএনপির একাধিক নেতা মনে করছেন, দলের কাউন্সিল হওয়ার পর দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা ভীষণ জরুরি হলেও সেটা করা যাচ্ছে না। কারণ নেতাদের মধ্যে তেমন কোনো উৎসাহ নেই। প্রায় একমাস হতে যাচ্ছে কাউন্সিলের পর কমিটি গঠন করা নিয়ে। নেতারা মনে করেছিলেন তিনি ১৫ দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করবেন এবং নতুন করে নেতা নির্বাচন করবেন। এরপর নেতাদের নির্দেশনা দিবেন নতুন করে আন্দোলনের। এর কোনো কিছুই হচ্ছে না।
বিএনপির সূত্র জানায়, ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হতে পারছে না। নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে সংবাদ সম্মেলন করা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ করা হচ্ছে। কিন্তু এর প্রতিবাদে কোনো সভা-সমাবেশ করছে না। একদিনের হরতালও ডাকতে পারছে না। এমনকি নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে অভিযোগ করে কোথাও তারা প্রতিহত করারও চেষ্টা করছে না। ইউনিয়ন পরিষদের এই নির্বাচন প্রতিহত করার ব্যাপারে বিএনপির নেতাদের মধ্যে কোনো উদ্যোগ নেই। কারণ এখন বিএনপির এখন কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি নেই এই কারণে গুটি কয়েক নেতা ছাড়া কেউ দায়িত্ব পালন করছেন না। নির্বাচন নিয়ে নেতাদের মধ্যে হতাশা বাড়ছে।
সূত্র জানায়, আন্তর্জাতিকভাবেও খালেদা জিয়ার উপর চাপ রয়েছে। একটি অবাধ নির্বাচন করার জন্য খালেদা জিয়াকে সরকারের উপর চাপ তৈরি করতে হবে। এই জন্য জনগণকে পাশে নিতে হবে। কিন্তু তিনি সেটা করতে পারেননি। এই জন্য আন্তর্জাতিক মহলও বিএনপিক সরাসরি কোনো সহায়তা করতে পারছে না। তাদের মূল কথা যেকোনো ভাবেই হোক জনগণকে পাশে নিতে হবে। তাদের পাশে নিতে না পারলে কোনো আন্দোলন গড়ে উঠবে না। নির্দলীয় সরকারের অধীনে আগাম কোনো নির্বাচনও হবে না। যে কারণে আন্তর্জাতিক মহল এখন বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি তারা তুলে ধরলেও তাদের সরব কর্মকা- নেই।
সূত্র জানায়, বিএনপি সরকারের চাপে নানা দিক থেকেই কোণঠাসা হয়ে পড়েছে। এই কারণে দেশে বড় বড় ইস্যু থাকলেও সেই সব ইস্যুতে কোনো আন্দোলন করতে পারেনি বিএনপি। এটাওকে বিএনপির ব্যর্থতা হিসাবে দেখছেন অনেকেই।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সতর্কভাবে এগুচ্ছে। সরকার পুলিশ দিয়ে বিএনপি নেতাদের নির্যাতন করছে। মামলা দিয়ে হয়রানি করছে। এই কারণে আমরা একটু ধীরে চলা নীতি অনসুরণ করছি। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন যে সুষ্ঠু হচ্ছে না এটা দেখছে দেশে ও বিদেশের সবাই। আমরা নির্বাচন প্রতিহত করতে গেলেই আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হবে। তাছাড়াও আমরা এখন আন্দোলনের চেয়ে বেশি ব্যস্ত থাকতে চাই দল সুসংগঠিত করতে। সেইভাবে নেতারা কাজ করছেন। কমিটি গঠনের কাজ দ্রুতই শেষ হয়ে যাবে।


























































