ডেস্ক রিপোর্ট ঃ
দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত আমির ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দিয়ে চলে আসা জামায়াতের শীর্ষ পদ দুটিতে বিতর্কমুক্ত তরুণ মুখ আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। একইভাবে দলের নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিশে শূরা পুনর্গঠন করা হচ্ছে।
দলের দুই শীর্ষ পদের নেতাদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় সে পদগুলোতে এখন কারা আসছেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে বলে জানা গেছে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, দলটির আমির নির্বাচনের সময়সীমা তিন বছর। তবে গত বছরের জুনে দলের মুদ্রিত গঠনতন্ত্রের ৫৯তম সংস্করণের ধারা ১৫-এর ৬ এর (ঘ) উপধারায় বলা হয়েছে, “কেন্দ্রীয় কর্মপরিষদের বিবেচনায় নির্দিষ্ট সময়ের মধ্যে জামায়াতের আমির নির্বাচন অনুষ্ঠান যদি কিছুতেই সম্ভব না হয়, তাহলে কেন্দ্রীয় কর্মপরিষদ নিযুক্ত ভারপ্রাপ্ত আমির কেন্দ্রীয় মজলিসে শূরার অনুমোদন সাপেক্ষে নিজ পদে বহাল থাকবেন।”
এ কারণে গঠনতন্ত্র অনুযায়ী বাধ্যবাধকতা তৈরি না হওয়ায় তিন বছরের জায়গায় বর্তমান ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ দুই সেশন ধরে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে রুকন সম্মেলনের মাধ্যমে আমির নির্বাচনের সুযোগ না থাকায় ভিন্নপন্থায় রুকনদের ভোট বা মতামত নিয়ে আমিরসহ অন্যান্য পদে নেতা নির্বাচনের চিন্তা-ভাবনা করা হচ্ছে। জামায়াত নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে থাকা মকবুল আহমাদই ‘ভার’মুক্ত হয়ে আমির এবং ডা. শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল হওয়ার সম্ভাবনা বেশি।
তবে, এর ব্যত্যয় ঘটলে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বা ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আমির হতে পারেন। ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক তাসনীম আলম ও হামিদুর রহমান আযাদের মধ্য থেকে যেকোনো একজন সেক্রেটারি জেনারেল হতে পারেন বলে জানা গেছে।
এর বাইরে নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিশে শূরা কমিটি পুনর্গঠন হবে। এতে গত তিন দশক যারা ছাত্রশিবিরে নেতৃত্ব দিয়েছেন, তারা জায়গা পেতে পারেন।























































