ডেস্ক রির্পোট ঃ
শাবান মাসের পঞ্চদশ রজনী লাইলাতুল বরাত। মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যম-িত ও ফজিলতপূর্ণ রাত। প্রতিবছরের মতো এবারও আমাদের সামনে ফিরে এলো মহিমান্বিত সেই রাত। গোটা বিশ্বের মুসলিমরা দীর্ঘ এক বছর ধরে যে মহিমান্বিত ও পবিত্রতম রজনীর অধীর অপেক্ষায় থাকেন, সেই চির প্রার্থিত রাতটি আবার ফিরে এলো আমাদের মাঝে।
শবেবরাতে কী ঘটে এ সম্পর্কে হজরত আয়শা রা. নবী করিম সা. এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রাতের কার্যক্রম হলো, এ বছর যত সন্তান জন্মগ্রহণ করবে, তা লিপিবদ্ধ করা হয়। আর এ বছর যত (লোক) ইন্তিকাল করবে তা লেখা হয়। আর এ রাতেই বান্দাদের (সারা বছরের) কার্যাবলি (আসমানে) উঠানো হয় আর এ রাতেই নির্ধারিত রিজিক অবতীর্ণ হয়। তারপর হজরত আয়েশা রা. জানতে চাইলেন, ইয়া রাসুলাল্লাহ্! আল্লাহর রহমত ও করুণা ছাড়া কেউ কি বেহেশতে যেতে পারবে? রাসুল সা. তিনবার বলেন, কখনো পারবে না। আয়েশা রা. জিজ্ঞেস করেন, হুজুর! আপনিও না? জবাবে বললেন, আমিও একমাত্র তাঁর দয়া ও রহমত ছাড়া জান্নাতে যেতে পারব না। মিশকাত শরিফ : ১১৫
শবেবরাতের করণীয় সম্পর্কে হজরত রাসুলে আকরাম সা. ইরশাদ করেন, ১৪ শাবানে তোমরা রাত জেগে ইবাদত করবে এবং পরদিন রোজা রাখবে। এই হাদিস থেকে জানা যায়, শবেবরাত উপলক্ষে করণীয় দুটি। এক. রাত জেগে ইবাদত-বন্দেগি করা। যেমন, নফল নামাজ, পবিত্র কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দুরুদ, তওবা-ইস্তেগফার ইত্যাদি।
দুই. পরদিন রোজা রাখা। এমনিতে পুরো শাবান মাসেই অধিক হারে রোজা রাখা উত্তম। হজরত মুহাম্মদ সা. প্রায় পুরো শাবান মাসেই রোজা রাখতেন। হজরত উম্মে সালমা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হজরত রাসুলকে শাবান ও রমজান ছাড়া দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি। তিরমিজি ১/১৫৫
হজরত আয়েশা রা. বলেন, আমি হজরত নবী করিম সা. কে শাবান মাসের মতো আর কোনো মাসে এত অধিক (নফল) রোজা রাখতে দেখিনি। এ মাসের কয়েক দিন ছাড়া পুরো মাসটাই তিনি রোজা রাখতেন। তিরমিজি ১/১৫৫, বুখারি ১/২৬৪
ইসলামে এ রাতের ইবাদতের জন্য কোনো বিশেষ নিয়মনীতি নির্ধারণ করে দেওয়া হয়নি। যেমন, আমাদের মধ্যে অনেকে শবেবরাতের জন্য আলাদা নামাজ আছে বলে মনে করেন। তাঁরা মনে করেন, এই নামাজের নিয়মনীতিও সম্পূর্ণ স্বতন্ত্র। যেমন, প্রথম রাকাতে অমুক সুরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সুরা পড়তে হবে। এ জাতীয় ধারণা অবশ্যই ভিত্তিহীন। তবে যত দূর সম্ভব নফল ইবাদত, নামাজ, কুরআন তিলাওয়াত, ফিকির, তাসবিহ-তাহলিল ও দোয়ার মধ্য দিয়ে এ রাত কাটানোর মাঝে ফজিলত রয়েছে।
খিচড়ি বা হালুয়া-রুটির প্রথা, মসজিদ, ঘর-বাড়ি বা দোকান-পাটে আলোক-সজ্জা, পটকা ফোটানো, আতশবাজি, কবরস্থান ও মাজারসমূহে ভিড় করা, মহিলাদের ঘরের বাইরে যাওয়া, বিশেষ করে বেপর্দা হয়ে দোকানপাট, মাজার ইত্যাদি স্থানে ভিড় করা, এসব কিছুই এ রাতের মর্যাদাবিরোধী কাজ। এসব কাজের কোনো কোনোটা তো অন্য সময়েও হারাম। আর কিছু কাজ সাধারণ অবস্থায় জায়েজ থাকলেও (যেমন : খিচুড়ি পাক করে গরিব-মিসকিনদের মধ্যে বণ্টন করা) এগুলোকে শবে বরাতের কাজ মনে করা বা জরুরি মনে করা এবং এসবের পেছনে পড়ে এ রাতের মূল কাজ তওবা, ইস্তেগফার, নফল ইবাদত ইত্যাদি থেকে বঞ্চিত থাকার কোনো বৈধতা নেই।























































