স্পোর্টস ডেস্ক ঃ
রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টাইব্রেকারে গোল করতে না পারা হুয়ানফ্রান আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের ভালোবাসায় আপ্লুত। তার কষ্ট ভাগ করে নেওয়ার জন্য আবেগময় এক খোলা চিঠিতে তাদের ধন্যবাদ জানান ক্লাবটির এই ডিফেন্ডার। ৩১ বছর বয়সী স্পেনের এই খেলোয়াড়ের চিঠিটি আতলেতিকোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
মিলানের সান সিরোতে গত শনিবার রিয়ালের কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জয়ের স্বপ্ন ভাঙে আতলেতিকোর। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১-এ সমতায় থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পুরো ম্যাচ জুড়ে ভালো খেলা হুয়ানফ্রান টাইব্রেকারে দলের চতুর্থ শটটি নিয়েছিলেন। তার নেওয়া শট রিয়ালের গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে আসে।
টাইব্রেকারের ক্রিস্তিয়ানো রোনালদোর চূড়ান্ত গোলে রিয়ালের খেলোয়াড় আর সমর্থকরা যখন শিরোপা জয়ের উল্লাসে মাতে, হুয়ানফ্রান তখন পরাজিত সৈনিকের মতো গ্যালারিতে থাকা আতলেতিকোর সমর্থকদের সামনে হাতজোড় করে ক্ষমা চাইছিলেন।

হুয়ানফ্রানের কষ্টটা বুঝতে পারে আতলেতিকোর সমর্থকরা। চোখের জল ফেলে তারাও।চিঠিতে স্পেনের এই ডিফেন্ডার লেখেন, “আমি যখন ক্ষমা চেয়েছিলাম তখন আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তা কখনোই ভুলব না। গ্যালারির সেই প্রান্তে ভিড় করা আতলেতিকোর হাজার হাজার সমর্থকদের চেহারায় আমার কান্নার প্রতিচ্ছবি দেখতে পাওয়াটা আমাকে ভীষণ এই কষ্ট সামলাতে সাহায্য করেছে।”
দুই বছর আগে এই একই প্রতিপক্ষের কাছে লিসবনের ফাইনালে ৪-১ গোলে হেরেছিল আতলেতিকো। তবে হুয়ানফ্রান মনে করেন, ভবিষ্যতে অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতবে দলটি।
“দুই বছর আগে আমি আপনাদের বলেছিলাম, আমরা আবার ফাইনালে ফিরব। এখন আমি আপনাদের বলছি যে, আগে হোক বা পরে হোক, আমাদের অধিনায়ক গাবি ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরবে।”

























































