শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে সুশাসন প্রশ্নবিদ্ধই নয়, গুলিবিদ্ধও : এরশাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৬.২০১৬

 

ershad

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান ‘সংকট’ নিরসনে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘দেশে সুশাসন আজ শুধু প্রশ্নবিদ্ধই নয়, তা গুলিবিদ্ধও।’ মঙ্গলবার সকালে জাতীয় সংসদে বাজেট বিষয়ে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন এরশাদ।

এরশাদ বলেন, ‘২০০৪ সাল থেকে এ পর্যন্ত এক হাজার ৭১৫ জন ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে। সাধারণ মানুষ আজ দেশে নিরাপদ নয়।’

আর্থিক খাতে অনিয়মের একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে এরশাদ আরো বলেন, ‘অর্থনৈতিক খাতে লুটপাট ও টাকা পাচার না হলে অনেক আগেই ৭ শতাংশ জিডিপি অর্জন করা যেত।’

সংসদে এরশাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘গণতন্ত্রের জন্য কোনো খুনির সঙ্গে আওয়ামী লীগ সমঝোতা করতে পারে না।’ এ সময় ঘন ঘন সিদ্ধান্ত বদলকারী হিসেবে এরশাদকে অভিহিত করেন নাসিম।

অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। এ টাকা ক্যাসিনোতে পাওয়া গেছে। আপনি বলতে চান এর সাথে আমাদের কেউ জড়িত নয়। ঘটনায় ফরাস উদ্দিনের নেতৃত্বে তদন্ত কমিটি করা হয়েছে। কেন এ তদন্ত রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না? কেন অপরাধীদের আড়াল করে রাখছেন? কেন ঘটনায় জড়িতদের বিচার করছেন না? আপনার কী ভয়? অন্যায় করে বেঁচে যাবে এটা তো হয় না। লুটপাট হবে কিন্তু প্রতিকারে কোনো ব্যবস্থা হবে না। এটা বিচারহীনতার লক্ষণ।’

জাতীয় পার্টি সব সময় আওয়ামী লীগের সঙ্গে ছিল উল্লেখ করে পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের সাথে আপনাদের নীতি ও আদর্শের ভিন্নতা রয়েছে। কিন্তু জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন। আমি সব সময় আওয়ামী লীগের পাশে থেকেছি। ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে এক সাথে নির্বাচন করেছিলাম। আমরা যুগপদ আন্দোলন করে অত্যাচারী বিএনপি সরকারকে সরিয়েছি। ১৯৯৬ সালে আওয়ামী লীগকে সমর্থন দিলে একুশ বছর পর ক্ষমতায় আসার সুযোগ হয়। ২০০৬ সালে মহাজোট গঠন করে ২০০৮ সালে আপনাদের জন্য বিশাল বিজয় এনে দিয়েছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি