মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সোশ্যাল মিডিয়ায় সমবেদনার জোয়ারে ভাসছেন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৬.২০১৬

messi111

ডেস্ক রিপোর্ট ঃ

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে হেরেও যে মেসি আবেগ সংবরণ করেছিলেন সেই মেসির চোখই প্লাবিত হলো কোপার ফাইনাল হেরে! স্তব্ধ হয়ে ফুটবল বিশ্ব দেখেছে ক্ষণজন্মা ফুটবল যাদুকর কাঁধছেন। অনুমানটা তখনই হয়ে গেছে, সমুদ্র বাঁধন হারা, ঝড় আসছে। তবে এত এত শক্তিশালী ঝড়ের পূর্বাভাস দিতে পারেনি কেউই। মাত্র ২৯ বছর বয়সে আকাশী-সাদা জার্সিকে বিদায়! মুহূর্তে সমর্থকরা ভুলে গেলো শিরোপা হারানোর যন্ত্রণা। মেসি হারানোর যন্ত্রণার কাছে শিরোপা হারানোর যন্ত্রণাকে তিলসম মনে হলো। ফুটবল দুনিয়া থেকে হারিয়ে গেলো চ্যাম্পিয়ন চিলির খবর। সমর্থক, প্রতিপক্ষ সমর্থক ও মাঠের চিরপ্রতিদ্বন্দ্বিও অবাক হয়েছে মেসির আচমকা এই সিদ্ধান্তে।

সবাইকে অবাক করে মেসি বললেন, চারটি ফাইনাল হেরেছি। এটা আমার জন্য নয়। জাতীয় দলের হয়ে আমার খেলা শেষ।

নিজের কানকে বিশ্বাস হলো না প্রতিবেদকের, আবারও জিজ্ঞেস করলেন, ২০১৮ সালেই বিশ্বকাপ। এখন তো বিশ্বকাপ নিজে ভাবার সময়। মেসি আবারও বললেন একই কথা।

মেসি যতই অনড় হলো, ভক্তদের ভালোবাসা ততই বাঁধ ভাঙলো। সারাদিন ধরে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বিশ্ব ফুটবল ডাকলো মেসিকে, এভাবে যেও না। এখনও অনেক বাকী।

f84cb24b1bb6dac4cb7e889204720f4c-1-1-SOC-FOI-ARGENTINA-V-CHILE_-CHAMPIONSHIP---COPA-AMERICA-CENTENARI-041642

হৃদয় নিংড়ানো সেসব ডাকেরই কিছু চিত্র তুলে ধরা হলো।

শাহীন জুয়েল লিখেছেন, “আপনি কোন দলকে সমর্থন করেন এটা কোনও ব্যাপার না, এই লোকটির (মেসি) জন্য আপনার খারাপ লাগবেই।”

সুদীপ নামে একজন লিখেছেন, “পরপর তিনটা আসরের ফাইনালে তুলেছ, হেরেছি, তাতে কি! সামনে তো আরও দিন। বিশ্বকাপটাই তো সামনে তোমার অপেক্ষায়। কাপ নয়, তুমি যা দিয়েছ, ভালবাসায় তা শোধ করবার নয়। ফিরে এসো মেসি, ফিরে এসো।”

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। নিজে একজন ব্রাজিলের অন্ধ ভক্ত। তবে মেসির বিদায়ে কষ্ট পেয়েছন তিনিও। ফেসবুকে লিখেছেন, “জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন সুপারস্টার, ফুটবলের জাদুকর ‪লিওনেল মেসি। আমি একজন ব্রাজিলের ডাই হার্ড ফ্যান হয়েও বলছি মেসির কাছ থেকে ফুটবলভক্তরা আজকের ম্যাচে জয় দেখতে চেয়েছিল, কিন্তু সে কিনা এই পরাজয়ের দিনেও আরেকটা পরাজয়ের কথা জানালেন। আমি মনে করি এটা তার ভুল সিদ্ধান্ত!”

পেনাল্ট মিস করা নিয়ে প্রতিপক্ষের কিছু সমর্থক মেসিকে নিয়ে নানান মজা করছেন। সেই মজার জবাব দিলেন মেসির চির প্রতিদ্বন্দ্বি ক্রিস্টিয়ানো রোনালদো।

তিনি বলেন, “একটি পেনাল্টি মিস করা একজনকে খারাপ খেলোয়াড় বানিয়ে দেয় না। তবে মেসির চোখের জল আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি আশা করি মেসি তার জাতীয় দলে ফিরে আসবে। কারণ দলটির তাকে প্রয়োজন।”

টুইটারে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টেলিভিশন ব্যাক্তিত্ব প্যারিস মরগান বলেন, “শেষ; মেসি ও আর্জেন্টিনা”

জওরিয়া মালিক নামে একজন লিখেছেন, “তোমার জন্যই অনেকে ফুটবল দেখা শুরু করেছে। প্লিজ যেও না।”

মিয়া হ্যাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিয়া হ্যাম লিখেছেন, “আমরা যারা সুন্দর খেলা পছন্দ করি তাদের জন্য খেলাটিকে ‘সুন্দর খেলা’ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ধন্যবাদ। তোমার পরবর্তী ম্যাচ দেখার জন্য অধীর অপেক্ষায়।”

ইয়ামিমা শেখ নামে একজন লিখেছেন, “দুই ধরণের ফুটবল ভক্ত আছেন। প্রথম, যারা মেসিকে ভালোবাসে, দ্বিতীয়, যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না।”

ভিভিয়ানা সান্তোস নামে একজন লিখেছেন, “মেসি, গতকাল যা ঘটেছে তা নিয়ে মন খারাপ করো না। তোমাকে ছাড়া আর্জেন্টিনা ফাইনালেই আসতে পারতো না।”

২০১৪ বিশ্বকাপ, ২০১৫ সালের কোপা আমেরিকা, ২০১৬ কোপা আমেরিকা (শতাব্দি ভার্সন) টানা তিনটি ফাইনাল আর টানা তিনটি পরাজয়। এই হতাসা থেকেই নিজেকে সরিয়ে নেওয়া ঘোষণা দেন এই কিংবদন্তি। তবে শেষ খবরে জানা গেছে আর্জেন্টিনায় মেসির সতীর্থ রোমেরো বলেছেন, মেসি না খেললে তিনিও আর জাতীয় দলে খেলবেন না। এখন শুধু অপেক্ষার পালা, মেসি কি পারবেন এতো ভালোবাসা উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অনড় থাকতে?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি