স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আবুল বাশার (৪০) নামের এক নৈশপ্রহরীর গলাকাঁটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৯ জুলাই) ভোরে উপজেলার সামবকসী এলাকার ইসলামীয়া ইট ভাটা থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল বাশার উপজেলার সামবকসী এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আবুল বাশার গত ৩ বছর ধরে ইসলামীয়া ব্রিকস ফিল্ডে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। গত দু’দিন পূর্বে স্থানীয় কয়েকজন বখাটে বাশারকে হত্যার হুমকি দিয়েছিল। আজ ভোরে ইট ভাটায় বাশার গলা কাঁটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত কুমার পাল জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


















































