ডেস্ক রিপোর্ট ঃ
শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে হামলার পরিকল্পনা নিয়ে জঙ্গিদের পাঁচ সদস্যের একটি দল ২৭ রমজানের দিনই (৩ জুলাই) কিশোরগঞ্জে অবস্থান নেয়। তিন দিন ধরে তারা ঈদগাহ এলাকাসহ শোলাকিয়া মাঠের চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে। প্রস্তুতি চূড়ান্ত করে ঈদের দিন সকালে অস্ত্রশস্ত্র নিয়ে তারা ঈদগাহর উদ্দেশে রওনা দেয়। কিন্তু পথে পুলিশ আটকে দেওয়ায় তাদের পরিকল্পনা সফল হয়নি।
শোলাকিয়া ঈদ জামাতের কাছে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক জঙ্গি শফিউল ইসলাম ওরফে আবু মোকাত্বিল এ দাবি করেছে। তার দেওয়া তথ্যের বরাত দিয়ে র্যাবের একটি সূত্র কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছে।
পুলিশের পাল্টা হামলায় গুরুতর জখম শফিউল বর্তমানে র্যাবের তত্ত্বাবধানে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকায়।
তিন দিন পেরিয়ে গেলেও ওই হামলার ঘটনায় গতকাল শনিবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সব কিছু ঠিক করে এফআইআর করা হবে। তাই সময় লাগছে।
গতকাল পর্যন্ত কোনো সংগঠন শোলাকিয়ায় হামলার ঘটনায় দায় স্বীকার করেনি। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, শোলাকিয়ায় হামলা করেছে জেএমবি। এই হামলার সঙ্গে গুলশানের রেস্টুরেন্টে হামলাকারীদের যোগসূত্র রয়েছে।
গত বৃহস্পতিবার ঈদের দিন সকালে শোলাকিয়ার ঈদগাহ মাঠের আধাকিলোমিটার দূরে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়-সংলগ্ন মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের কাছে জঙ্গিরা ওই হামলা চালায়। প্রায় তিন ঘণ্টা ধরে সেখানে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক গোলাগুলি হয়। জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে বোমাও ছুড়ে মারে। গুলি-বোমায় আহত দুই পুলিশ সদস্যকে তারা কুপিয়ে হত্যা করে। পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির সময় ঘটনাস্থলের পাশে একটি বাড়িতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঝর্ণা রানী ভৌমিক (৪৮) নামের এক নারী। পুলিশের পাল্টা হামলায় এক জঙ্গিও নিহত হয়েছে। হামলায় ১০ পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়। হতাহত পুলিশ সদস্যরা কিশোরগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল এবং ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হামলায় জড়িত অভিযোগে এ পর্যন্ত কয়জনকে আটক করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ; যদিও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, শফিউলসহ সাতজনকে আটক করা হয়েছে।
নিহত পুলিশ সদস্যরা হলেন জহিরুল ইসলাম (৩০) ও আনসারুল হক (২৮)। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। জহিরুলের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। আনসারুলের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার দৌলতপুর গ্রামে। শোলাকিয়া এলাকার বাসিন্দা ঝর্ণা রানীর স্বামী গৌরাঙ্গ ভৌমিক শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করেন।
পুলিশের গুলিতে নিহত জঙ্গির নাম আবীর রহমান (২২)। তার বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ত্রীবিদ্যা গ্রামে। তাদের পরিবার রাজধানীর ভাটারা এলাকায় বসবাস করে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএর ছাত্র আবীর গত মার্চ থেকে নিখোঁজ ছিল।
কী ঘটেছিল সেই সকালে : এ বছর ছিল শোলাকিয়ার ১৮৯তম ঈদের জামাত। প্রতিবছর তিন থেকে সাড়ে তিন লাখ মুসল্লি সেখানে ঈদের নামাজে অংশ নেয়। স্থানীয় লোকজন ছাড়াও আশপাশের বিভিন্ন জেলাসহ দূর-দূরান্তের মুসল্লিরা নামাজ আদায় করতে আসে। ঈদ জামাত নিরাপদ ও নির্বিঘœ রাখতে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। এবার পুলিশের নির্দেশনা ছিল জায়নামাজ ছাড়া অন্যকিছু ঈদগাহে নেওয়া যাবে না।
কথা ছিল ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। তবে সকাল ৮টার মধ্যেই পুরো ঈদগাহ মাঠ কানায় কানায় ভরে যায়। আশপাশের রাস্তাঘাট-অলিগলিতে তখনো শত শত মানুষের ভিড় ছিল। নামাজ আদায়ের উদ্দশে জড়ো হচ্ছিল তারা।
সকাল পৌনে ৯টার দিকে ঢাকা থেকে আসা শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দীন মাসউদকে বহনকারী হেলিকপ্টারটি শোলাকিয়া ঈদগাহের খুব নিচু দিয়ে উড়ে যায়। তার কিছুক্ষণ পরই গোলাগুলির শব্দ শোনা যায়।
নামাজ শুরুর আগে এ ঈদগাহের রীতি অনুযায়ী তিনবার গুলি ছুড়ে নামাজের প্রস্তুতির বিষয়ে জানান দেওয়া হয়। তাই গুলির শব্দ শুনে প্রথমে মুসল্লিরা ভেবেছিল নামাজের প্রস্তুতির নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে একটু পরেই তারা ঘটনা আঁচ করতে পারে।
পুলিশ জানায়, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়সংলগ্ন মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের কাছে চার রাস্তার মোড়ে একটি তল্লাশি চৌকি বসিয়েছিল পুলিশ। ১০-১২ জন পুলিশ সদস্য সেখানে নামাজ আদায় করতে আসা লোকজনকে শরীর তল্লাশি করছিলেন। এমন সময় পাঁচ-ছয়জন যুবক আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম দিক দিয়ে রেললাইন পার হয়ে নিরাপত্তা চৌকি এড়িয়ে শোলাকিয়ার দিকে যাওয়ার চেষ্টা করে। সবার পরনে ছিল পায়জামা-পাঞ্জাবি, মাথায় ছিল টুপি। পুলিশ তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে চাইলে যুবকদের একজন পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে বেশ কয়েকজন পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল কয়েকজন পুলিশ সদস্য দৌড়ে রাস্তার পাশের বিভিন্ন বাসায় আশ্রয় নেন। এ ফাঁকে বোমা হামলায় আহত পুলিশ সদস্যদের চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে জঙ্গিরা। গুরুতর আহত পুলিশ সদস্য জহিরুল জীবন বাঁচাতে রাস্তার পাশের মসজিদের টয়লেটে আশ্রয় নেন। সেখানেই তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা দৌড়ে পূর্বদিকের গলি দিয়ে সবুজবাগ এলাকার আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। এরপর আজিমুদ্দিন স্কুলের পাশের এ সড়কটি বন্ধ করে দিয়ে অভিযান শুরু করে পুলিশ। এ সময় পুলিশ ও জঙ্গিদের মধ্যে ব্যাপক গোলাগুলি চলতে থাকে। গোটা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্কিত লোকজন যে যেভাবে পারে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করে।
দুপুর ১২টা নাগাদ নেত্রকোনা থেকে দুই প্লাটুন বিজিবি ও র্যাব সদস্য গিয়ে পুলিশের সঙ্গে যোগ দেয়। এর কিছুক্ষণ পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম নূরুজ্জামান ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান। এরপর তাঁদের নেতৃত্বে শুরু হয় সাঁড়াশি অভিযান।
স্থানীয় লোকজন জানায়, পুলিশের গুলির মুখে টিকতে না পেরে এক জঙ্গি ‘লাইলি কুঞ্জ’ নামের একটি বাসায় ঢুকে পড়ে। তখন ওই বাসা লক্ষ্য করে পুলিশ ব্যাপক গুলি চালায়। একপর্যায়ে ওই জঙ্গি দৌড়ে বের হয়ে পালিয়ে যেতে চাইলে পুলিশের গুলিতে সে নিহত হয়। পরে জানা যায়, তার নাম আবীর।
দুপুর আড়াইটা পর্যন্ত আবীরের মৃতদেহ সবুজবাগ আবাসিক এলাকায় পড়ে থাকে। কিশোরগঞ্জ সদর থানার ওসি মীর মোশারফ হোসেন সে সময় সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের হামলায় দুজন পুলিশ সদস্য মারা গেছেন, আহত হয়েছেন আরো কয়েকজন।
প্রত্যক্ষদর্শী শোলাকিয়া এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান জানান, প্রথমে তিনি দুজন যুবককে পুলিশের ওপর হামলা করতে দেখেন। তাদের পেছনে আরো কয়েকজন ছিল। আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, জঙ্গিদের হাতে পিস্তল, বন্দুক, হাতবোমা ও ধারালো অস্ত্র ছিল। সবুজবাগ মহল্লার বাসিন্দা মাধব গোবিন্দ দাস জানান, পুলিশের পাল্টা হামলার মুখে টিকতে না পেরে জঙ্গিরা বিভিন্ন বাসাবাড়িতে ঢোকার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন জানান, ঘটনার সময় সেখানে ১০-১২ জন পুলিশ সদস্য টহলে ছিলেন। বোমা হামলায় তাঁদের মধ্যে কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন। আত্মরক্ষার্থে কয়েকজন পিছু হটে যান। এর মধ্যেই মাটিতে পড়ে যাওয়া পুলিশদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে দুই হামলাকারী সন্ত্রাসী।
পিছু হটে যাওয়া পুলিশ সদস্যরা একপর্যায়ে প্রস্তুতি নিয়ে আবার সামনে আসেন। জঙ্গিদের লক্ষ্য করে গুলি করতে থাকেন তাঁরা। প্রত্যক্ষদর্শী মুফতি মোহাম্মদ আলী মসজিদের খতিব মাওলানা মো. দ্বীন ইসলাম কালের কণ্ঠকে জানান, ঘটনার পুরোটা সময় তিনি মসজিদের দোতলায় অবস্থান করছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখেন পুলিশদের কোপানো হচ্ছে। মাটিতে পড়ে যাওয়া এক পুলিশ উঠে দাঁড়াতে চাইলে তাঁর ঘাড়ের দিকে কোপ দেওয়া হয়। পরে তাঁকে আরো কোপানো হয়। এ সময় এক পুলিশ দৌড়ে মসজিদের টয়লেটে আশ্রয় নিলে তাঁকেও কোপানো হয়। তিনি এই পুলিশ সদস্যকে (জহিরুল) রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
শোলাকিয়া এলাকার মনির হোসেন জানান, একপর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে দুই সন্ত্রাসী গলির ভেতরে আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান ভূঞা বাবুলের বাসার ঘুপচিতে আড়াল নেয়। পরে তিনি (মনির) নিচে নেমে পুলিশকে সন্ত্রাসীদের অবস্থান জানান।
সবুজবাগ এলাকার বাসিন্দা ব্যবসায়ী হাফিজুর রহমান রেনু বলেন, ‘পুলিশ শত শত রাউন্ড গুলি ছুড়তে ছুঁড়তে যখন ওই ঘুপচির দিকে এগিয়ে যায় তখন এক হামলাকারী পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। ঘুপচির ওপাশে দেয়াল দিয়ে বন্ধ থাকায় দুই হামলাকারী সেখানে আটকা পড়ে যায়। একপর্যায়ে এক হামলাকারী চাপাতি নিয়ে পুলিশকে আক্রমণ করতে আসে। কিশোরগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মুর্শেদ জামানসহ অন্য পুলিশ সদস্যরা তাকে গুলি করে কাবু করেন।’
ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম নূরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘পুলিশ নিজেদের জীবন বাজি রেখে জঙ্গিদের প্রতিহত করেছে। নইলে আরো বড় ধরনের অঘটন ঘটতে পারত। গুলশানে যারা হামলা করেছিল, সেই চক্রই এখানকার হামলার পেছনে রয়েছে।’
ঘরেই গুলিবিদ্ধ হন ঝর্না : সকালবেলায় পরিবারের সদস্যদের জন্য নাশতার ব্যবস্থা করছিলেন সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা ঝর্না রানী। গুলি থেকে বাঁচতে বাড়ির দরজা-জানালা বন্ধ করে দিয়েছিলেন। একপর্যায়ে রান্নাঘর থেকে মূল ঘরে যাওয়ার চেষ্টা করলে একটি গুলি জানালা ভেদ করে এসে তাঁর মাথায় লাগে। পরিস্থিতির কারণে তাঁকে হাসপাতালে নিতে পারেনি পরিবারের সদস্যরা। ওই অবস্থায় মৃত্যু হয় তাঁর।
পুরো এলাকা থমথমে, আতঙ্ক কাটেনি : কিশোরগঞ্জ সদরের পুরান থানা এলাকা থেকে লেভেলক্রসিং পার হলেই রাস্তার বাঁ পাশে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ। মাঠের উত্তর দিকে বিদ্যালয়। বিদ্যালয় ঘেঁষে একটি রাস্তা আছে, যেটি শোলাকিয়া আবাসিক এলাকার মূল রাস্তায় গিয়ে মিশেছে। ঈদের দিন সকালে এ মোড়েই পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছিল। এখান থেকে একটি রাস্তা চলে গেছে সবুজবাগ আবাসিক এলাকায়। এ রাস্তার পাশেই রয়েছে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদ। সেখান থেকে শোলাকিয়া ঈদগাহ মাঠের দূরত্ব আধা কিলোমিটার।
ঈদের দিন সকালে এই মসজিদের কাছেই পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। পরদিন শুক্রবার ও গতকাল শনিবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও র্যাবের লোকজনের আনাগোনা ছাড়া স্থানীয় লোকজন খুব একটা চোখে পড়েনি। একান্ত প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের হচ্ছে না কেউ।
পুরো এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ওই দিনের তাণ্ডবের চিহ্ন। ১০-১১টি বাড়িতে রয়েছে গুলির চিহ্ন, বোমা বিস্ফোরণের দাগ। বহু জায়গায় ছোপ ছোপ রক্ত লেগে আছে। স্থানীয় বাসিন্দা শহীদুল্লাহ অন্তর বলেন, জঙ্গিরা বাসাবাড়ির আনাচকানাচে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করায় পুলিশও পাল্টা গুলি করে। বেশির ভাগ গুলি বাসাবাড়ির দেয়াল বা টিনে গিয়ে লাগে।
প্রত্যক্ষদর্শী আবদুল খালেক বলেন, ‘মনে অয়ছিল আমার উফের (ওপরে) কেয়ামত নাইম্যা আইছে। কী করবাম কিছু বুঝতাম পারছিলাম না। পুলাফান লইয়া মাটিতে শুইয়া আছিলাম। ঈদের সারাডা দিন আর ঘর থাইক্যা বাইর অইতাম ফারছি না।’
শুক্রবার র্যাব-১৪-র তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শনের সময় একটি বাড়ির পেছনের ডোবায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে দুটি চায়নিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করে।
র্যাব-১৪ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি গৌতম দেব জানান, জঙ্গিরা হামলায় এসব অস্ত্র ব্যবহার করেছে। চাপাতিটি রক্তমাখা ছিল বলে সেটিতে মরচে পড়ে গেছে।
ফরীদ উদ্দীন মাসউদও নিশানা ছিলেন! : চর শোলাকিয়ার সবুজবাগ মহল্লার ‘লাইলি কুঞ্জ’ নামের একটি টিনশেড বাড়িতে ঢুকে জঙ্গি শফিউল পুরো পরিবারকে জিম্মি করে ফেলে। বাড়ির লোকজন জানায়, একপর্যায়ে শফিউল চিৎকার করে বলতে থাকে, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদকে দিয়ে যেন শোলাকিয়া ঈদের জামাতের ইমামতি করানো না হয়। তাহলে ঈদগাহ মাঠে থাকা তাদের লোকজন তাঁকে ছাড়বে না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৯টায় একটি হেলিকপ্টার শোলাকিয়া মাঠের ওপর দিয়ে উড়ে যায়। মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ওই হেলিকপ্টারে ছিলেন। তিনি ঈদের নামাজে ইমামতি করতে ঢাকা থেকে এসেছিলেন। হেলিকপ্টারটি দেখে বেশ কয়েকজন যুবক খেপে ওঠে। তারা দৌড়ে ঈদগাহ মাঠের দিকে যেতে চাইলে সবুজবাগের ওই তল্লাশি চৌকিতে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানেই তারা হামলা চালায়।
পুলিশের একটি সূত্র জানায়, জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলির সময় মাওলানা ফরীদ উদ্দীন মাসউদকে জেলা সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেক সার্কিট হাউসে অবস্থান করে তিনি ঢাকায় ফিরে যান।
দেশব্যাপী উগ্রবাদীদের হামলার পরিপ্রেক্ষিতে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ দেশের এক লাখ ইমামের সই-সংবলিত ফতোয়া জারি করে বলেছিলেন, ‘ইসলামে জঙ্গিবাদের স্থান নেই।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ঘটনার পর থেকে তাঁর ওপর উগ্রপন্থীরা ক্ষুব্ধ ছিল। এ কারণেই তারা তাঁকে নিশানা করেছিল বলে মনে করা হচ্ছে।
বাবুল এখনো পুলিশ হেফাজতে : সবুজবাগ মহল্লার ‘লাইলি কুঞ্জ’ নামের বাড়ির মালিক আব্দুল মান্নান বাবুলসহ তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদের দিন দুপুরেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। রাতে পরিবারের অন্য সদস্যদের ছেড়ে দিলেও বাবুল গতকাল পর্যন্ত পুলিশের হেফাজতেই রয়েছেন।
জঙ্গি শফিউলকে লাইলি কুঞ্জ থেকেই আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, বাবুল গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ সদরের গুণধর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
‘জেএমবির কাজ’ : শোলাকিয়া হামলার ঘটনাস্থল পরিদর্শন করে গতকাল আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, ‘এটি আইএস নয়, জেএমবির কাজ। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। গুলশানের হামলায়ও জেএমবি জড়িত ছিল। এ হামলার সঙ্গে গুলশানের হামলাকারীদের যোগসূত্র রয়েছে।’
শোলাকিয়া হামলার ঘটনায় মামলার ব্যাপারে তিনি বলেন, ‘মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজই (শনিবার) মামলা দায়ের হবে। সব কিছু ঠিকঠাক করে এফআইআর করা হবে। তাই মামলায় কিছুটা বিলম্ব হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জঙ্গিদের জিজ্ঞাসাবাদ শেষে সঠিক সংখ্যাটা দেওয়া সম্ভব হবে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
কিশোরগঞ্জ জেলা প্রাশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, ‘আগে তদন্ত হোক। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, নিহত পুলিশ সদস্যদের পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। নিহত ঝরনা রানী ভৌমিকের শ্রাদ্ধের খরচের জন্য তিনি (মন্ত্রী) নিজে ও স্থানীয় তিন সংসদ সদস্য মিলে এক লাখ টাকা দেবেন।
জেলা পুলিশের সূত্র জানায়, আইজিপির পক্ষ থেকে নিহত দুই পুলিশ সদস্যের পরিবারকে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
আটক যারা : পুলিশ সূত্র জানিয়েছে, শোলাকিয়ার হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে শফিউল ছাড়া কিশোরগঞ্জ সদরের পশ্চিম তারাপাশা এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল হক (২০), আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান ভূঁইয়া বাবুল, শহরের বয়লা এলাকার আবদুল হাইয়ের ছেলে আহসান উল্লা (২৫) ও স্থানীয় যুবক মামুনের নাম জানা গেছে।
পুলিশের গুলিতে নিহত জঙ্গি আবির রহমানের মৃতদেহ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।























































