শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা আগামীকাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৬

Governor-Fazlay-Kabir-Retur-550x344পূর্বাশা ডেস্ক:

২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করা হবে কাল। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে গভর্নর ফজলে কবির এ মুদ্রানীতি ঘোষণা করবেন। গভর্নরের দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম মুদ্রানীতি। রিজার্ভ চুরির ঘটনায় ড. আতিউর রহমান পদত্যাগের পর গত ২০ মার্চ গভর্নরের দায়িত্ব নেন ফজলে কবির।

জানা গেছে, নতুন মুদ্রানীতির ধরন হবে ‘প্রবৃদ্ধি সহায়ক ও বিনিয়োগবান্ধব’। জাতীয় বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ ও মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা থাকবে মুদ্রানীতিতে। এছাড়া বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়িয়ে ১৭ শতাংশের বেশি প্রাক্কলন করা হতে পারে।

২০১৫-১৬ অর্থবছরের শেষার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ১৪ দশমিক ৮ শতাংশ। কিন্তু পাঁচ মাসেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসের শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়ায় ১৬ দশমিক ৪ শতাংশ। জুন শেষে তা সাড়ে ১৬ শতাংশ ছাড়িয়ে গেছে বলে ধারণা করছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা।

নতুন মুদ্রানীতিতে নতুন উদ্যোক্তা সৃষ্টির সুযোগ থাকবে বলে জানা গেছে। বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও কৃষি খাতে ঋণের প্রবাহ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচিত খাতে ক্ষুদ্র-মাঝারি, রফতানি ও উৎপাদনশীল এবং পরিবেশবান্ধব শিল্প স্থাপনে আগের চেয়ে বেশি অর্থ বা ঋণ দেয়ার পরিকল্পনা নতুন মুদ্রানীতিতে তুলে ধরা হবে। এছাড়া এলাকাভিত্তিক নারী উদ্যোক্তা ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের অর্থনীতির মূলস্রোতে নিয়ে আসার বিষয়টিও গুরুত্ব পাবে মুদ্রানীতিতে।
আগের মুদ্রানীতিতে ব্যাপক মুদ্রা জোগানের প্রবৃদ্ধি ধরা হয় ১৫ শতাংশ। এছাড়া রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ১৪ দশমিক ৩ শতাংশ। নীতিনির্ধারণী সুদ রেপো ও রিভার্স রেপোর হার যথাক্রমে ৬ দশমিক ৭৫ ও ৪ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। নতুন মুদ্রানীতিতে এক্ষেত্রে সামান্য পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক প্রতি বছর দুবার মুদ্রানীতি ঘোষণা করে থাকে। একটি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাইয়ে ও অন্যটি ঘোষণা করা হয় জানুয়ারিতে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রতি ছয় মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রাকে অগ্রাধিকার দিয়ে মুদ্রানীতিতে ঋণ ও মুদ্রার জোগান বাড়ানো বা কমানোর লক্ষ্য স্থির করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা নতুন মুদ্রানীতি প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, আগামী মঙ্গলবার গভর্নর মহোদয় নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবেন। এরই মধ্যে মুদ্রানীতি প্রণয়নের কাজ প্রায় সম্পন্ন হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি