স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপির সভায় আ’লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় বিএনপির অফিস, বিএনপি’র গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করা হয়। পুড়িয়ে দেয়া হয় ৭টি মোটরসাইকেল। এ সময় বিএনপির ২ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়।

বুধবার (২৭ জুলাই) বিকেল ৫ টার দিকে লাকসাম দক্ষিণের পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছে বিএনপির সাবেক সাংসদ মেজর (অবঃ) আনোয়ারুল আজিম। অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ লাকসাম এলাকায় বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সভা চলছিল। ওই সময় এই এলাকায় আ’লীগ দলীয় নেতাকর্মীরা জঙ্গি ও নাশকতা বিরোধী মিছিল করে যাচ্ছিল। ওই সময় দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় বিএনপির সাবেক এমপি আনোয়ারুল আজিমের একটি লেক্সাস গাড়ি, বিএনপি নেতাকর্মীদের একটি নোয়া গাড়ি ও ৯টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। এ সময় বিএনপি অফিস ও বিএনপির নেতাকর্মীর ৭টি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। এ সময় বিএনপি ও আ’লীগের মধ্যে সংঘর্ষে বিএনপির সাবেক এমপি আনোয়ারুল আজিমসহ উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে বিএনপির ২ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেনের মুঠোফোনে কল করলে ইন্সপেক্টর নাসির উদ্দিন কল রিসিভ করে জানান, কেউ গুলিবিদ্ধ ও আহত হয়েছে কি না জানিনা। এখানে বিএনপির মিটিং এবং আ’লীগের মিছিল ছিল । এ সময় দুপক্ষের মধ্যে গন্ডগোল হয়। এর বেশি বলতে পারবো না।



























































