পূর্বাশা ডেস্ক:
আরো জঙ্গি হামলার ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া। নেদারল্যান্ডস ভিত্তিক ইউরোপিয়ান ল’ এনফোর্সমেন্ট এজেন্সি ‘ইউরোপোল’ প্রকাশিত ‘ইউরোপিয়ান ইউনিয়ন টেররিজম সিচুয়েশন অ্যান্ড ট্রেন্ড রিপোর্ট-২০১৬’তে এ কথা বলা হয়েছে। ৬০ পৃষ্ঠার দীর্ঘ ওই প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্থান ঘটছে আইএস ও আল-কায়েদার শাখার। বাংলাদেশে পশ্চিমাদের টার্গেট করে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে এ অঞ্চলে ভবিষ্যতে আরও সন্ত্রাসী হামলা ও অপহরণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। ওই রিপোর্টে আরও বলা হয়, নাস্তিক ও ধর্মদ্রোহী হিসেবে অভিহিত করে একজন পাকিস্তানি শিক্ষাবিদ ও তিনজন ব্লগারকে (দু’জন বাংলাদেশি ও একজন পাকিস্তানি) হত্যা করা হয়েছে। এর দায় স্বীকার করেছে আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস)।
বাংলাদেশে গত বছর ২৮শে সেপ্টেম্বর হত্যা করা হয়েছে ইতালির একজন নাগরিককে। ৩রা অক্টোবর জাপানি এক নাগরিককে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হামলাকে ‘হিট অ্যান্ড রান টেররিস্ট’ হামলা হিসেবে আখ্যায়িত করা হয়। পরে এর দায় স্বীকার করেছে আইএস। এই গ্রুপটি শিয়াদের ওপর ও বাংলাদেশি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করে। মূলত ইউরোপীয় ইউনিয়নে সন্ত্রাস ও তা মোকাবিলার বিষয় নিয়ে এ প্রতিবেদন প্রকাশিত হয়। এতে প্রসঙ্গক্রমে উঠে এসেছে বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। এতে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তায় হুমকি সর্বোতভাবে বৃদ্ধি পেয়েছে। তা ক্রমাগত বৃদ্ধির ধারায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো অব্যাহতভাবে জিহাদি সন্ত্রাসের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করছে। এর সঙ্গে যুক্ত বিদেশি জঙ্গিরা। তারা যুদ্ধকবলিত এলাকাগুলো থেকে ইউরোপে যাচ্ছে। ২০১৫ সালের নভেম্বরে ও জানুয়ারিতে প্যারিসে যে হামলা হয়েছে তার স্পষ্টত একটি প্রবণতা আছে। তাতে দেখা যাচ্ছে জিহাদি জঙ্গিরা শহর এলাকাগুলোতে বড় ধরনের প্রাণহানি ঘটে এমন হামলা চালিয়ে যেতে সক্ষম। ইউরোপে অন্য হামলাগুলো চালিয়েছে কট্টরপন্থি ও সহিংস বিচ্ছিন্ন জঙ্গিরা। এমন হামলা হয়েছে ডেনমার্কের কোপেনহ্যাগেনে। সেখানে হত্যা করা হয়েছে দু’জনকে।
ফ্রান্সের নিস শহরে হামলা হয়েছে। ২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়নে যেসব জিহাদি সন্ত্রাসী হামলা হয়েছে তার বেশির ভাগই চালানো হয়েছে ইসলামিক স্টেট বা আইএস’র নামে। এখন সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিটি পরিকল্পিত হামলা প্রতিরোধ করা একটি উচ্চ মাত্রায় চ্যালেঞ্জিং কাজ হয়ে পড়েছে নিরাপত্তা ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে। ওই রিপোর্টে লিবিয়ার রাজনৈতিক অস্থিরতার কথা তুলে ধরা হয়। বলা হয়েছে, এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যেসব দেশের সীমান্ত রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সেসব দেশ আইএস’র ঘাঁটি গড়ার জন্য উপযুক্ত স্থান হয়ে উঠেছে। এর ফলে সদস্য দেশগুলো সামগ্রিকভাবে হুমকিতে রয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আইএস-২০১৪ সালের জুন ও ২০১৫ সালের ডিসেম্বরে নতুন করে তাদের খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার দেড় বছরের মাথায় তারা ১৮টি দেশে কমপক্ষে ৫০টি হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১১০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৭০০ মানুষ। ‘গুপ্তচর’ বা অন্য কোন শত্রু মনে করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যে ও উত্তর আফ্রিকায়। ইউরোপিয়ান অনেক জিহাদি আইএস-এ গুরুত্বপূর্ণ পদ পেয়েছে। তারাই যার যার দেশে সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রাখছে।























































