পূর্বাশা ডেস্ক:
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, সুকৌশলে দেশকে জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে।
সোমবার সকালে রাজধানীর দোলাইরপাড়ে শ্যামপুর ও কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত সন্ত্রাস বিরোধী গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ কখনোই এই দেশকে জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র বানাতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি ও সন্ত্রাস দমনে আপোসহীন সংগ্রাম করছে। দেশের সাধারণ মানুষ এই সংগ্রামে যোদ্ধা হিসেবে অংশ নিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ জাতীয় পার্টির লাখ লাখ নেতাকর্মী এই সংগ্রামে শেখ হাসিনার পাশে থাকবে।
সমাবেশে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণরে সাধারণ সম্পাদক কাজী ইব্রাহিম খলিল মারুফ, ওলামা লীগের সহ-সভাপতি আদম আলী, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সুজন দে, জাপা নেতা কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, শেখ মাসুক রহমান ও জহিরুল ইসলাম সরকার প্রমুখ।
সমাবেশ শেষে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে সন্ত্রাস বিরোধী গণমিছিল দোলাইরপাড় থেকে শুরু হয়ে শ্যামপুর বালুর মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে স্থানীয় জাতীয় পার্টির কয়েক হাজার নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।























































