ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
কুমিল্লার আদর্শ সদর উপজেলাসহ দেশের ৬টি উপজেলা শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
শনিবার (১৩ আগস্ট) সকাল সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্যের পক্ষে মহানগর আওয়ামী লীগের নেতা আরফানুল হক রিফাত প্রমুখ।
কুমিল্লা বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নের ২০১টি গ্রাম শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ২০ হাজার ৮৮২টি পরিবারকে বিদ্যুৎ সুবিধা দেওয়া হবে।
এ লক্ষে আদর্শ সদর উপজেলায় ৩৭২ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় আদর্শ সদর উপজেলায় জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার, ব্রাহ্মণপাড়া ও ময়নামতি সাব স্টেশন হতে ৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
সূত্র আরো জানায়, এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গত ২ সপ্তাহ ধরে আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নে নতুন বেশকিছু নতুন সংযোগ দেওয়া হয়েছে।


















































