দেশের ৬টি শতভাগ বিদ্যুতায়িত উপজেলার মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লার আদর্শ সদর উপজেলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শনিবার সকাল ১০টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলাসহ দেশের ৬টি ‘শতভাগ বিদ্যুতায়িত উপজেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি এবং কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলসহ জেলার বিভিন্ন প্রশাসন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ।
কুমিল্লা বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নের ২০১টি গ্রাম শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ২০ হাজার ৮৮২টি পরিবারকে বিদ্যুতায়িত করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে আদর্শ সদর উপজেলায় ৩৭২ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় আদর্শ সদর উপজেলায় জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার, ব্রাহ্মণপাড়া ও ময়নামতি সাব স্টেশন হতে ৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে গত দুই সপ্তাহ ধরে আদর্শ সদর উপজেলার ৬ ইউনিয়নে নতুন বেশ কিছু বিদ্যুতের নতুন সংযোগ প্রদান করা হয়েছে ।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ আসনের এমপি মো. তাজুল ইসলাম জানান, প্রথম পর্যায়ে ‘শতভাগ বিদ্যুতায়িত উপজেলা’ কর্মসূচির আওতায় দেশের ৬টি জেলার ৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বর্তমান সরকারের ‘ঘরে ঘরে বিদ্যুৎ নির্বাচনী প্রতিশ্রুতির সেøাগান’ সফল বাস্তবায়ন হতে চলেছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


















































