শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিটি নির্বাচনের বিধি সংশোধন নিয়ে বিভক্ত ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৬

ddddddddddddddd

পূর্বাশা ডেস্ক:

এ বছরই নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোট করতে চাইছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন বিধিমালা ও আচরণবিধিতে সংশোধনী লাগবে। রোববার কমিশন সভায় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের আলোকে বিধি সংশোধনের খসড়া প্রস্তাব পর্যালোচনা করা হয়। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হতে অন্তত ১০০০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমার প্রস্তাব উপস্থাপন করা হয় সভায়।

দলভিত্তিক স্থানীয় সরকারের প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে সমর্থক ভোটারদের স্বাক্ষরসহ তালিকা জমার শর্ত নিয়ে বিভক্তি তৈরি হয়েছে নির্বাচন কমিশনে। কমিশনারদের একটি পক্ষ প্রার্থী হতে নির্দিষ্ট সংখ্যক সমর্থক ভোটারের স্বাক্ষর জমার শর্তটি বাদ দিতে চাইলেও আরেক পক্ষ চাইছে ন্যূনতম সংখ্যায় হলেও স্বাক্ষর জমার বাধ্যবাধকতা রাখতে।

ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান বলেন, আমরা ১০০০ সমর্থক ভোটারের তালিকা রাখার প্রস্তাব দিয়েছি। কেউ কেউ চাইছেন ৫০০ বা ২০০ রাখতে। কেউ কেউ আবার শর্তটি বাদ দেওয়ার পক্ষে। বিষয়গুলো নিয়ে পরবর্তী কমিশন সভায় পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছানো যাবে। তিনি জানান, দলীয় ভোট হওয়ায় দলের প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর নতুন প্রতীক রাখা ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সমালোচিত কিছু প্রতীক বাদ দিয়ে নতুন প্রতীক রাখার বিষয়ে ঐকমত্য রয়েছে। প্রার্থীর সঙ্গে দলের ব্যয়সীমাও নির্ধারণ করা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন হয় ২০১১ সালের ৩০ অক্টোবর।

ইসি কর্মকর্তারা জানান, আচরণবিধিতেও মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তিদের নির্বাচনি প্রচারে নিষেধাজ্ঞা থাকতে পারে। দলীয় প্রধানের পথসভা-প্রচারে বাধা না থাকলেও জনসভা-সমাবেশে বিধি-নিষেধ রাখা হবে।

স্থানীয় সরকারের সিটি, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট দলীয়ভাবে করতে গত বছরের নভেম্বরে বিল পাস হয়। এরপর ডিসেম্বরে পৌরসভা ও চলতি বছরের ফেব্রুয়ারি-জুন দলীয়ভাবে ইউপিতে ভোট হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম ভোট হয়। সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট এলাকার মোট  ভোটারের ১ শতাংশের সমর্থনসূচক স্বাক্ষরযুক্ত তালিকা দিতে হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি