শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিভৃতে কাটল খালেদার জন্মদিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৬

vvvvvvvv

পূর্বাশা ডেস্ক:

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া এবার ৭১তম জন্মদিন ছিল একটু ব্যতিক্রম। এবার জন্মদিনে কেক কাটেন নি। এবং তিনি কেক কাটবেন না ও ফুল নিবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন দলের  নেতাকর্মীদের। চেয়ারপার্সনের জন্মদিন ঘিরে গুলশান কার্যালয় কিংবা বাসা কোথাও ছিল না নেতা-কর্মীদের সমাগম। কেক কিংবা ফুলের বাহারও দেখা যায়নি।

সাধারণ দিনের মতোই সাদামাটাভাবে সোমবার কাটালেন বেগম জিয়া। অন্যবছর নিকটাত্মীয়রা ফুল আর কেক নিয়ে গুলশানের বাসভবনে যেতেন। সবাইকে নিয়ে কেকও কাটতেন তিনি। দিনভর নিকটাত্মীয়দের তেমন কেউই যাননি খালেদা জিয়ার ‘ফিরোজা’ বাসভবনে।

তার ভাই মরহুম সাঈদ এস্কান্দারের স্ত্রী ও বড় বোন একবার বাসায় গেলেও কোনো ফুল বা কেক নিয়ে যাননি। কিছু সময় তারা থেকে দেখা-সাক্ষাৎ করে ফিরে যান। জাতীয় শোক দিবসে জন্মদিন উদযাপন না করতে আওয়ামী লীগ নেতাদের আহ্বানের পাশাপাশি এবার বন্যা এবং সরকারের নির্যাতন-নিপীড়নসহ জাতীয় সংকটের কারণ দেখিয়ে কেক কাটেননি খালেদা জিয়া।

অন্যবার মধ্যরাতে লন্ডন থেকে ফোনে বেগম জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেন পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এবার তাও হয়নি। অবশ্য দুই দিন আগেই নেতা-কর্মীসহ সবাইকে আগেই নিষেধ করেছিলেন বেগম জিয়া। এবার কেক কাটবেন না। জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা করবেন না।

সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেগম জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। ফিরোজা বাসভবনের এক স্টাফ গণমাধ্যমকে বলেন, অন্যদিনের মতো স্বাভাবিক খাবার খেয়েছেন বিএনপি চেয়ারপারসন। বিশেষ দিন উপলক্ষে পায়েশ বা অন্য কিছুর আয়োজন ছিল না। এদিকে, কেক না কেটে মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে বিএনপি।

সোমবার বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকশ নেতা-কর্মী অংশ নেন। মিলাদের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, চেয়ারপারসন এবার তার জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেছেন। দেশের বর্তমান অবস্থা, রাজনৈতিক-সামাজিক এবং বন্যার কারণে যে অবস্থা তৈরি হয়েছে, সে কারণে তিনি মনে করেছেন, জন্মদিনের কোনো অনুষ্ঠান পালন করা সমীচীন নয়। আজকে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছি। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেছি। আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনা করেছি। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ  নেসারুল হক। মির্জা ফখরুল বলেন, বন্যার্তদের দুর্ভোগ লাঘবের জন্যও আমরা দোয়া করেছি। দেশের শান্তি-সমৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র ফিরে আসার জন দোয়া করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি