শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশজুড়ে নিরাপত্তাসামগ্রী স্থাপনের হিড়িক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৬

025218kobor_kalerkantho-16-8-16-550x367

পূর্বাশা ডেস্ক:

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে রাজধানীসহ দেশজুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা, আইপি ক্যামেরাসহ অন্যান্য নিরাপত্তাসামগ্রী কেনা ও স্থাপনের হিড়িক পড়েছে। সব মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর আবাসস্থল, বিভিন্ন আশ্রম-মন্দির-গির্জা-ঈদগাহ প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। সংসদ ভবনের আশপাশ সিসি ক্যামেরার আওতায় আনার সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। বিভিন্ন সরকারি উদ্যোগের পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহীসহ বিভাগীয় সব শহর এমনকি নিভৃত পৌর এলাকাটিরও নিরাপত্তার ভরসা হয়ে উঠছে এই যান্ত্রিক চোখ। নিরাপত্তার ঝুঁকি যেসব এলাকায় বেশি সেসব এলাকায় সিসি ক্যামেরার পাশাপাশি পাহারাও বাড়ানো হয়েছে।

বিশেষ করে ঢাকার বাসা-বাড়ি, অফিস, শপিং মল, রেস্টুরেন্ট, শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠান, পার্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো ইতিমধ্যেই নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। ফলে সিসি ক্যামেরা, ডিজিটাল ভিডিও রেকর্ডারসহ নিরাপত্তার কাজে ব্যবহৃত সামগ্রীর বাজার এখন রমরমা। বিভিন্ন দেশ থেকে এসব সামগ্রীর আমদানি বেড়ে গেছে। বাজারে গিয়ে কেনার পাশাপাশি ফেসবুক বা অনলাইনে ক্যামেরা ও টিভি কেনার জন্য ক্রেতারা অর্ডার দিচ্ছেন। সিসি ও আইপি ক্যামেরার সঙ্গে নিরাপত্তাসামগ্রীর তালিকায় যোগ হয়েছে মেটাল ডিটেক্টর হ্যান্ডেল, আর্চওয়ে, দরজায় লাগানোর মেটাল ডিটেক্টর, সুপার স্ক্যানার ও মিরর ডিটেক্টরের মতো সামগ্রীও। বিভিন্ন দেশ বিশেষ করে চীন থেকে এসব সামগ্রীর আমদানি বেড়েছে। সিসি টিভির পুরো সিস্টেম চালুর ক্ষেত্রে অন্যান্য সামগ্রীর বাজারও এখন রমরমা। তবে এখন পর্যন্ত নিরাপত্তাসামগ্রী স্থাপন করার দিক থেকে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি প্রতিষ্ঠানই এগিয়ে আছে।

রাজধানীর শুধু গুলশান এলাকার সড়কেই স্থাপন করা হয়েছে ছয় শতাধিক সিসি ক্যামেরা। আর গত ২৫ মে উত্তর সিটি করপোরেশনের আওতায় তিন হাজার সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন। সিসি ক্যামেরায় ধারণ করা চিত্র নিয়মিত পর্যবেক্ষণ করছে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ। অসংগতিপূর্ণ কোনো দৃশ্য চোখে পড়লেই সংশ্লিষ্ট থানাকে জরুরি বার্তা পাঠিয়ে করণীয় জানিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে বাসা-বাড়ি বা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের ভিডিওচিত্র পুলিশের নিবিড় তদারকির বাইরে রয়েছে। ঘটনা ঘটলে, হইচই পড়লে চাপে পড়ে পুলিশ ওই সব ভিডিওচিত্র সংগ্রহ করে থাকে। পুলিশ কন্ট্রোল রুমের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, কোনো এলাকায় যদি সন্দেহজনক কিছু মনিটরিংয়ে ধরা পড়ে, ওয়্যারলেস বা মোবাইল ফোনে সঙ্গে সঙ্গে তা জানিয়ে দেওয়া হচ্ছে সংশ্লিষ্টদের। থানা পুলিশ বা টহল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাচ্ছে। গুলশান জোনের পুলিশের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, সিসি ফুটেজের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি মনিটর করা হচ্ছে। শুধু তাই নয়, স্পর্শকাতর ও সন্ত্রাসপ্রবণ এলাকার সিসি ক্যামেরায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর গতিবিধিও পর্যবেক্ষণে রাখা যাচ্ছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বল্প সময়ের মধ্যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের বাসায় সিসি টিভি লাগাতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ জন্য দায়িত্ব দিয়েছে গণপূর্ত অধিদপ্তরকে। যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী নিজেদের বাসায় থাকেন তাঁদের বাসায় সিসি ক্যামেরা লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জাতীয় সংসদ ভবন এলাকায় বহিরাগত, বহিরাগতদের ব্যক্তিগত মোটর গাড়ি ও মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করার সুপারিশ করেছে সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটি। কমিটি মূল ভবনের বাইরে সংসদ এলাকায় সিসি ক্যামেরা লাগাতে বলেছে। কমিটির গত ২৫ জুলাইয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে স্থাপন করা আছে আর্চওয়ে, স্ক্যানার, সিসি ক্যামেরা। নতুন করে বসানো হচ্ছে রোড স্ক্যানার। পরিকল্পনা কমিশন চত্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রায় প্রতি সপ্তাহে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই চত্বরে আছে পরিকল্পনা মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এখন কর্মকর্তাদের পরিচয়পত্র ও বহিরাগতদের পাস না থাকলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, রোড স্ক্যানার বসানো হলে প্রবেশপথে সব কিছুই স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিং হবে।

সরকারি-বেসরকারি গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সেগুলো সিসি টিভির মাধ্যমে চিত্র ধারণ চলাফেরার ওপর জোর দেওয়া হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সিসি টিভি ক্যামেরায় নিয়মিত চিত্র ধারণ করা হচ্ছে। গত ২১ জুলাই যাত্রীদের নিরাপত্তার জন্য প্রতিটি লঞ্চে সিসি টিভি ক্যামেরা স্থাপন ও মেটাল ডিটেক্টর রাখতে লঞ্চের মালিকদের আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

সাম্প্রতিক সময়ে টার্গেট কিলিং ও জঙ্গি হামলার ঘটনার পর নিরাপত্তা জোরদারে বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা বসানোর হিড়িক পড়ে। গত ১০ জুন প্রাতর্ভ্রমণকালে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা হত্যা করে নিত্যরঞ্জনকে। নিত্যরঞ্জন পাবনা সদর উপজেলার হিমাইতপুরের শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের সেবায়েত ছিলেন। ওই হত্যাকাণ্ডের পর সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত ১৪ জুলাই থেকে আশ্রম প্রাঙ্গণে সিসি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে। প্রথম ধাপে লাগানো হবে ২৫টি সিসি ক্যামেরা।

মাগুরার শালিখা উপজেলার চটকাবাড়িয়ায় কিছুদিন আগে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আবদুল জলিল নামে এক ব্যক্তিকে। দুর্বৃত্তদের ধরতে জেলার সব মন্দিরে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ সার্বক্ষণিক চৌকিদার নিয়োগ করার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। মেহেরপুর পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনতে গত ১৩ মে মতবিনিময় সভা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার প্রধান প্রধান সড়কে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এ উদ্যোগ নিয়েছেন। এ জন্য গত ১১ জুলাই মির্জাপুর বাজারের একাব্বর হোসেনের বাসভবনে সভাও হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ৬০ লাখ টাকা ব্যয়ে আরো সিসি ক্যামেরা বসানো হবে রাজশাহী মহানগরীর ২৬টি স্থানে। খুলনা মহানগরীর ১৫টি মোড়ে ১২০টি সিসি ক্যামেরা লাগানো হবে। এক মাসের মধ্যে এসব ক্যামেরা বসানো হবে বলে খুলনা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে। সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের প্রতিটিতেই সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে গত ২৫ জুলাই। করপোরেশনের পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে মহানগরীর জিন্দাবাজার, তালতলা, বন্দরবাজারসহ কিছু স্থানে সিসি ক্যামেরা আছে।

জানা গেছে, অফিস বা বাসার নিরাপত্তা বাড়াতে আইপি ক্যামেরার ব্যবহার ও বিক্রি বেড়ে গেছে। এগুলো গেটে বা ভেতরে স্থাপন করে ধারণ করা চিত্র পর্যবেক্ষণ করা সম্ভব। আইপি ক্যামেরা অনেক দূর থেকে দৃশ্য ধারণ করতে পারে। গত কয়েক দিন রাজধানীর বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু স্টেডিয়াম, এলিফ্যান্ট রোড ছাড়াও গুলশান, উত্তরার বিভিন্ন মার্কেটে ইলেকট্রনিকসের দোকানগুলোয় নিরাপত্তাসামগ্রী কিনতে ক্রেতাদের ভিড় চোখে পড়ে। ক্রেতারা জানান, সামগ্রীভেদে দাম বেড়েছে দুই থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। বায়তুল মোকাররম ও বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের দোকানগুলোয় ক্রেতারা আসছেন বিভিন্ন জেলা থেকে। বিক্রেতারা জানান, বেশি বিক্রি হচ্ছে সিসি টিভি ও ক্যামেরা। চীন, তাইওয়ান, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আমদানি করা এভিটেক, ডাইয়ো, ক্যাম্পো, হিকভিশন, জিন ও ইয়োমাট ব্র্যান্ডের সিসি টিভি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এক মাস আগে রাজধানীতে সিসি টিভির যে ইউনিট ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে সেগুলো বিক্রি হচ্ছে ২৪ হাজার টাকায়। একটি মেটাল ডিটেক্টর সর্বনিম্ন এক হাজার ৬০০, সর্বোচ্চ তিন হাজার ২০০ টাকা। মেটাল ডিটেক্টর লাগানো দরজার দাম কমপক্ষে এক লাখ ১৫ হাজার, সর্বোচ্চ চার লাখ টাকা।

সিলেট সদর উপজেলার টুকের বাজারের আহমদ আলী নিজের বাসায় সাতটি সিসি ক্যামেরা বসানোর জন্য সেগুলো কিনতে গত বুধবার রাজধানীর স্টেডিয়াম মার্কেটে আসেন। দাম বেশি দেখে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছিলেন। বললেন, চড়া দাম—তার পরও কিনতে হচ্ছে। আমদানিকারক শ্যামলীর এ এন সি এন্টারপ্রাইজের চিফ অব মার্কেটিং শহীদ শামীম রেজা মানিক কালের কণ্ঠকে বলেন, স্কুল, হাউজিং কম্পানি, পাড়া-মহল্লার বিভিন্ন সমিতির উদ্যোগে ক্যামেরা লাগানো হচ্ছে। আগের চেয়ে বেশি কল পাচ্ছি, দৌড়াতে হচ্ছে সিস্টেম স্থাপন করতে গিয়ে। গুলশান-২ নম্বরে আছে এ ধরনের বড় তিনটি দোকান। এর একটি ক্যামেরা ডিসকভারি। প্রতিষ্ঠানের বিক্রয় কর্মকর্তা মো. জুয়েল হোসেন কালের কণ্ঠকে বলেন, নতুন কেনার পাশাপাশি নষ্ট সিসি ক্যামেরা মেরামত করা হচ্ছে গুলশান, বনানী, উত্তরাসহ বিভিন্ন এলাকায়। মেটাল ডিটেক্টরও বিক্রি হচ্ছে। সিসি ক্যামেরা তিন হাজার থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ক্যামেরা ডিসকভারিতে। মেটাল ডিটেক্টর বিক্রি হচ্ছে দুই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। ফেসবুকে জুয়েলস সিসি টিভি সিস্টেমস নামে অ্যাকাউন্ট রয়েছে। এর মাধ্যমেও ক্রেতারা অর্ডার দিচ্ছেন বলে জানান জুয়েল। ছয়টি সিসি ক্যামেরার একটি সিসি টিভি সিস্টেম চালু করতে কমপক্ষে ৬০ হাজার টাকা বাজেট থাকতে হয় বলে তিনি জানান। সিসি ক্যামেরা ছাড়াও লাগে ডিজিটাল ভিডিও রেকর্ডার কার্ড, মনিটর, কেবল ইত্যাদি সামগ্রী। ক্যামেরার গুণাগুণ ও এলাকার বিস্তৃতির ওপর নির্ভর করে পুরো সিস্টেম স্থাপনের খরচ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি