পূর্বাশা ডেস্ক:
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী কয়েকদির ধরে রিখোঁজ। তার পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা হুম্মামকে তুলে নিয়ে গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে তাদের কেউ আটক করেনি। গত ৪ আগস্ট থেকে হুম্মাম কাদেরের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে এতদিনেও কোনো খোঁজ না মেলায় উদ্বেগে হুম্মামের পরিবার। তার মা ফারহাদ কাদের চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত হুম্মামের কোনো খোঁজ পাইনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু কোনো সন্ধান দিতে পারেনি। এই অবস্থার মধ্য দিয়ে আমরা আছি।’
মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের কাজ শুরুর পর থেকে তার আইনি সহায়তাসহ সার্বিক দিক দেখভাল করতেন তার ছোট ছেলে হুম্মাম কাদের। সাকার ফাঁসির রায়ের পর এ নিয়ে টেলিভিশনের পর্দায় হুঙ্কার দিয়ে তিনি সমালোচিতও হয়েছিলেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের আগে তা ফাঁস হওয়ার অভিযোগে তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী, ছেলে হুম্মামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। এমন সময় হুম্মামকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যখন সেই মামলাটি রায় হওয়ার পথে। ইতিমধ্যে একবার রায়ের তারিখ পিছিয়েছে।
নিখোঁজ হওয়ার দিন ওই মামলারই শুনানিতে অংশ নিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যাচ্ছিলেন হুম্মাম। পরিবারের পক্ষ থেকে অভিযোগে বলা হয়, আদালতের সামনের রাস্তায় নামার পর তিন-চারজন লোক নিজেদের ডিবি পরিচয়ে হুম্মামকে বলেন, তার বিরুদ্ধে অন্য মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ সময় হুম্মাম তাদের কাছে পরোয়ানা দেখতে চান। এরপর তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
তবে এরপর থেকেই হুম্মামকে আটক করা বা গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী শান্তশিষ্ট হলেও ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী হয়েছেন বাবার মতো। সাকা চৌধুরীর মৃত্যুদ- কার্যকরের সময় গণমাধ্যমে হুম্মামের হুঙ্কার শুনে সবাই হতভম্ব হয়ে গিয়েছিল।
শোনা যায়, সালাউদ্দিন চৌধুরী স্ত্রী ও তার ছোট ছেলেকে তার যোগ্য উত্তরসূরি মনে করতেন। যে কারণে চট্টগ্রামের রাজনীতিতে তার এবং পরিবারের প্রভাব ধরে রাখতে এ দুজনকে ফাঁসির আগে নানা পরামর্শ দিয়ে যান।
পরে গুঞ্জন উঠে বিএনপির নতুন কমিটিতে তার পরিবার থেকে যে কেউ জায়গা পাচ্ছেন। গত ৬ আগস্ট ৫০২ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী কমিটির সদস্য হিসেবে রাখা হয় হুম্মাম কাদেরকে। যদিও মানবতাবিরোধী অপরাধীর ছেলেকে কেন্দ্রী কমিটিতে রাখা নিয়ে বিভিন্ন মহলে বিএনপির সমালোচনা হয়েছে। হুম্মাম কাদেরের বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিট পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘আমরা হুম্মাম কাদেরকে ধরিনি।’


























































