শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দীর্ঘ রাজনীতির জীবনে বর্তমান সময় অনেক চ্যালেঞ্জিং


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০১৬

134649fokrul-550x367

পূর্বাশা ডেস্ক:

দীর্ঘ রাজনীতির জীবনে বর্তমান সময়টা অনেক চ্যালেঞ্জিং সময় পার করছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিবিসি বাংলার সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনীতি বিপদজনক ও বিপন্ন অবস্থায় রয়েছে। কারণ বর্তমানে রাজনীতিতে গণতান্ত্রিক অধিকারের শোচনীয় অবস্থা থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে পড়েছে। যা বাংলাদেশের উন্নয়নের জন্য প্রতিকূল।

মির্জা ফখরুল বলেন, ছোটবেলা থেকেই বাবা-চাচা ও পরিবারের সবার মধ্যে রাজনীতির চর্চা দেখেই রাজনীতির প্রতি আমার আকর্ষণ বেড়ে যায়। তখন সারা পৃথিবীতেই বাম রাজনীতির একটা প্রবণতা ছিল। আমি ঢাকা কলেজে ভর্তি হওয়ার পরে পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়েনের সাথে সম্পৃক্ত হই এবং বিশ্ববিদ্যালয়ে থাকাকালিন ছাত্র ইউনিয়নের সাথে জড়িয়ে পড়ি।

তখনকার ছাত্র রাজনীতি এখনকার চেয়ে কতটা আলাদা ছিল?

বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখনকার ছাত্র রাজনীতি ছিল আদর্শভিত্তিক এবং প্রতিটি ছাত্র সংগঠনই তার সুনির্দিষ্ট আদর্শকে ভিত্তি করে কাজ পরিচালনা করতো। আরও একটি সবচেয়ে বড় বিষয় ছিল যে, প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদের নির্বাচন হতো। এই নির্বাচন থেকে পরবর্তীতে অনেক জাতীয় নেতৃত্বের সৃষ্টি হয়েছে। রাশেদ খান মেনন, মতিয়ারা চৌধুরী, তোফায়েল আহম্মেদ, আমীর হোসেন আমু, লতিফ সিদ্দিকি এরা সবাই ছাত্র রাজনীতি থেকে এসেছেন। তাই বর্তমান রাজনীতির সাথে তখনকার সময়ের তুলনা করলে পার্থক্য অনেক। সেই আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি বর্তমান ছাত্র রাজনীতিতে আমরা দেখতে পাই না।

ছাত্র রাজনীতি থেকে এক সময় শিক্ষকতা পেশায় যাওয়া সম্পর্কে ফখরুল ইসলাম বলেন, স্বাধীনতা যুুদ্ধ শুরু হওয়ার কিছু আগে আমার ছাত্রজীবন শেষ হয় তখন গোটা বাংলাদেশ উত্তাল। সেই সময়ে আমি একটি বেসরকারি কলেজের প্রাথমিকভাবে অর্থনীতি পড়াতে শুরু করি। যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। স্বাধীনতার পরে একটি সরকারি কলেজে শিক্ষকতার কাজে যোগ দেই। ঐ সময়ে রাজনীতির সাথে যুক্ত হওয়া আমার পক্ষে আর সম্ভব হয়নি। কারণ স্বাধীনতার পরে তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তাদেও শাসনতন্ত্রেও মধ্যে একটি মূল নীতি ছিল সমাজতন্ত্র। তাই স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম যে, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানে নিঃসন্দেহে শিক্ষকতা সবচাইতে একটা ভাল পেশা হিসেবে চিহ্নিত হবে। শিক্ষকতায় আমি ছিলাম প্রায় ১৮ বছর। কিন্তু তার মাঝখানে বেশ কিছু সময় বৈচিত্র এসেছে আমার কর্মজীবনে।

১৯৭৫ সালের পর ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কেবিনেটের উপ-প্রধানমন্ত্রী এসএ বারীর একান্ত সাচিব হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। তার আগে আমি ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করেছি।

আপনি প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত কখন নিলেন?

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৮৮ সালে চাকুরিতে ইস্তফা দিয়ে আমি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করি এবং নির্বাচিত হই। তারপরেই আমি জাতীয় রাজনীতিতে বিএনপির সাথে যুক্ত হই। তবে আমি ১৯৯১ এবং ১৯৯৬ সালে পরাজিত হয়েছিলাম। কারণ আমি যেখানে নির্বাচন করেছিলাম সেখানে আওয়ামী-লীগের প্রাধান্য খুব বেশি ছিল। ফলে সেখানে আমাকে আমার জায়গাটা তৈরি করতে হয়েছিল। হাল না ছাড়ায় আমি ২০০১ সালে সেখানে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হই। পরবর্তীকালে আমি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পাই।

বারবার গ্রেফতার ব্যক্তিগত ও রাজনীতিক জীবনে এর প্রভাব সম্পর্কে তিনি বলেন, গত ৫ বছরে ৭ বার আমি জেলে গিয়েছি। তবে আমার স্ত্রী এবং সন্তানরা সব সময় আমার পাশে ছিল এবং তারা আমাকে সাহস যুগিয়েছে। সেই কঠিন মূহুর্তে আমার পরিবার আমাকে মানসিকভাবে সম্পূর্ণ সহায়তা করেছে। জেলজীবনের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। যখন জেলে আমরা রাজনীতিবিদরা কেউ থাকি তখন মনে হয় জেল জীবনের কাঠামোর কিছু পরিবর্তন আনা দরকার। কারণ আমাদের কারাগারে এখনো উপনৈবেশিক আমলের নিয়ম-কানুন থেকে গিয়েছে। কিন্তু জেল থেকে বের হয়ে আসার পর সেটি আর কারও মনে থাকে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি