পূর্বাশা ডেস্ক:
মির কাসেমকে নিয়ে ৬ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হলো। চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আরো ১১ যুদ্ধাপরাধানের মামলা। এরই মধ্যে নিষ্পত্তি করে দেশ কলঙ্কমুক্ত করার প্রত্যাশা বিচার প্রাপ্তিদের। এজন্য আদালত বাড়ানোর পাশাপাশি যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতেও বিচার দাবি তাদের।
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের দন্ড কার্যকর। এর পর একে একে পাঁচ জনের ফাঁসি কার্যকর হয় লালবাগের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সবশেষ কাসেমপুর কারাগারে ফাঁসি কার্যকর করা হয় বদর কমান্ডার মির কাসেম আলীর। কিন্তু এখনো ১১ যুদ্ধাপরাধীর মামলা চূড়ান্ত আপিল নিষ্পত্তির অপেক্ষায়।
মানবতা অপরাধে অপরাধীর মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার,আশরাফুজ্জামান খান,চৌধুরী মুঈনুদ্দীন, এম এ জাহিদ হোসেন খোকনের সবোর্চ্চ সাজা হলেও তারা পলাতক। বিচার প্রক্রিয়ায় অংশ না নেয়ায় এ অপরাধীরা ধরাপরা মাত্রই দন্ড কার্যকরে কোনো বাধা থাকবে না।
এখন পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তি ২৫ মামলায় সাজা হয়েছে ৩১জনের। আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে ৭ টি মামলা এছাড়াও দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের মামলা তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় দুপক্ষই রিভিউ আবেদন করেছে।
তবে ধীর গতি হলেও সকল মামলার নিষ্পত্তি হবে বলে জানায় ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ও তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম ।
ট্রাইব্যুানালে বিচার চলছে ১৪ জনের আর বিচার শুরুর অপেক্ষায় ১১ টি মামলা। বিচার শুরু হতে যাচ্ছে সন্দেহভাজন ৬৮ যুদ্ধাপরাধীর। আর সন্দেভাজনদের মধ্যে তদন্ত শুরু হয়েছে ৫৮ জনের। অন্যদিকে পলাতক যুদ্ধাপরাধী রয়েছে ৮০ জনেরও বেশি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশ গুপ্ত জানান, যতোক্ষণ পর্যন্ত একজন যুদ্ধাপরাধীও জীবিত থাকবে ততদিন পর্যন্ত গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিচার প্রক্রিয়াটি অব্যাহত থাকা অবশ্যই প্রয়োজন।























































