পূর্বাশা ডেস্ক:
সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার জন্য এখনই পাকিস্তানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন স্ট্রেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার সাংবাদিক সম্মেলনে বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা নয় বরং পরামর্শ দেয়া হবে।
এর আগে জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জালমে খালিদজাদ বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়া উচিত। এই বিষয়ে মার্ক টোনার বললেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করব। পাকিস্তানসহ এর প্রতিবেশি দেশগুলোতে সন্ত্রাসীরা যে নিরাপদ স্বর্গ গড়ে তুলেছে এই ব্যাপারে পাকিস্তানকে পরামর্শ দেওয়া হবে।
তিনি আরো বলেন, এর সঙ্গে পাকিস্তান এবং আফগানিস্তানের স্বার্থ জড়িত। সম্প্রতি আফগানিস্তান সীমান্তে পাকিস্তান সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান চালিয়েছে। এইসব সন্ত্রাসী গোষ্ঠিকে কঠোরভাবে দমন করার জন্য আমরা পাকিস্তানকে উৎসাহ দিয়ে যাবো।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ ও ভারত সফরের কথা উল্লেখ করে টোনার বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি নেতৃত্ব এবং সামরিক কর্তৃপক্ষের সঙ্গে এইসব সন্ত্রাসী গোষ্ঠি সম্পর্কে খোলাখুলি আলোচনা করেছেন। কিভাবে এই সন্ত্রাসী গোষ্ঠির সঙ্গে লড়াইয়ে সঠিক পথে নামা যায় এই ব্যাপারে আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবো। এইসব সন্ত্রাসীদের মূলোৎপাটন করে তাদের ধ্বংস করতে হবে। এরপর এই অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে তিনি জানান।

























































