শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জিয়ার পদক অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচীর ডাক


জিয়ার পদক অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচীর ডাক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৬

download-20-1

পূর্বাশা ডেস্ক:

জাদুঘর থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নেয়ার প্রতিবাদে শনিবার (১০ সেপ্টেম্বর) সারাদেশে জেলা সদর ও মহানগরে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাস আলমগীর এ কর্মসূচী ঘোষণা করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বুধবার জাতীয় জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়। সংস্কৃতি সচিব আকতারী মমতাজ এ বিষয়টি নিশ্চিত করেন।
সংস্কৃতি সচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বুধবার শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়ে জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি নিয়ে এসেছেন। এ বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বুধবার সেটি বাস্তবায়ন করা হয়।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালকের বৈঠকের পর জিয়াউর রহমানের ক্রেস্ট ও অন্যান্য জিনিস সরানো হয়। জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি জাদুঘরের স্টোরে সংরক্ষিত ছিল। কিন্তু ওই বৈঠকের পর বুধবার বিকেলে সেটি সরিয়ে ফেলা হয়।
উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদে পদকটি জাতীয় জাদুঘরে পাঠানো হয়েছিল। ২০০৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। সে সময় পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র কোনো উত্তরাধিকারকে না দিয়ে জাতীয় জাদুঘরের একটি কর্নারে যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয়া হয়। তখন বিরোধী দলে থাকা আওয়ামী লীগ এই পুরস্কার প্রত্যাখ্যান করে। বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানকে পুরস্কার দেওয়ায় আপত্তি তোলে দলটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি