স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা সদরে পৃথক অভিযান চালিয়ে ছয়টি বিদেশি অস্ত্র, ১২ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
গ্রেফতাররা হলেন কুমিল্লা সদরের নোয়াপাড়া এলাকার গফুর মেম্বারের ছেলে আরিফ (৩৫), ফরহাদ ও মোহন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকাল ৬টার দিকে ময়নামতি মার্কেটের সামনে থেকে আরিফকে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দু’টি শুটার গান, দু’টি এলজি, সাত রাউন্ড গুলি ও তার ব্যবহৃত একটি মোটরবাইকেল উদ্ধার করা হয়।
আরিফ সদরের মুকুল হত্যা মামলার অন্যতম আসামি।
পরে তার দেওয়া তথ্যমতে অস্ত্র সরবরাহকারী সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী এলাকা থেকে ফরহাদকে গ্রেফতার করা হয়। ফরহাদের দেওয়া তথ্য অনুযায়ী সদরের বলারামপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ মোহনকে গ্রেফতার করা হয়।
কুমিল্লার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম উপস্থিত ছিলেন।



















































