স্পোর্টস ডেস্ক ঃ
অনেক শঙ্কা, হুমকি, অনিশ্চয়তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে শুক্রবার বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। ইংল্যান্ডের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক এউইন মরগান ও অ্যালেক্স হেলসকে ছাড়াই শুক্রবার ঢাকায় এসেছে ইংল্যান্ড দল।
ওয়ানডে সিরিজে খেলতে নামার আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। এরপর ৭ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট পূর্ণ নিরাপত্তার আশ্বাস পেয়ে নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরের সবুজ সংকেত দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগে তিনদিনের সফরে বাংলাদেশ সরকার ও বিসিবির গৃহীত সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যান ইসিবির তিন সদস্যের প্রতিনিধি দল। তাদের দেয়া রিপোর্টের ভিত্তিতেই খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইসিবি।

























































