বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ব্যাংকের গ্রাহকের অর্থ ছিনতাইয়ের ঘটনায় অর্থ ও অস্ত্রসহ ৭ জন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৬

comilla-sp-1-10-16

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লায় ব্র্যাক ব্যাংকের গ্রাহকের অর্থ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৭ যুবককে ছিনতাইয়ের ৫ লক্ষ ২৫ হাজার টাকা, বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি ( জেলা গোয়েন্দা শাখা ) পুলিশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশ কুমিল্লা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও নগদ অর্থসহ তাদের গ্রেফতার করে। শনিবার (১ অক্টোবর) বেলা ১২ টায় কুমিল্লা পুলিশ সুপার কনফারেন্স কক্ষে প্রেস ব্রিফিং করে কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া যুবকরা হলেন, কুমিল্লা সদরের উত্তর চর্থা এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া ওরফে দাগী রুবেল(২৫), ২য় মুরাদপুর এলাকার জাফর আহমেদের ছেলে শিবলী ওরফে শিবলু (২১), ছাতিপট্টি এলাকার আব্দুল মতিনের ছেলে ইবনে আশফাত ইকবাল ওরফে ফারহান (২৯), (ফারহান বর্তমানে নানুয়াদিঘীরপাড়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল), গোবিন্দপুর এলাকার খালেদ বিন ওয়ালিদের ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে রনি (২১), বুড়িচং উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুল ওদুদের ছেলে মোঃ মিরাজুল সাকিব ওরফে সানি (২০), হোমনা উপজেলার ক্ষুদে দাউদপুর গ্রামের মোঃ রবিউলের ছেলে জিয়াউল হক ফাহিম (২০) ( ফাহিম বর্তমানে মহানগরীর শাকতলা এলাকার বাসিন্দা), এবং নাঙ্গলকোট উপজেলার ধইয়ারা গ্রামের সহিদুল্লাহ মজুমদারের ছেলে আরিফুল জাহান পূর্ণ (১৯) ।  (আরিফুল জাহান পূর্ণ মহানগরীর মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা) ।  অপর আসামি রবিন পলাতক রয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন জানান, গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২ টায় নগরীর চকবাজার ব্র্যাংক শাখা হতে নগরীর দক্ষিণ চর্থা এলাকার আব্দুস সাত্তার ও চৌদ্দগ্রামের খলিলুর রহমান ৭ লক্ষ টাকা উত্তোলন করে রিকসাযোগে যাওয়ার পথে মনোহরপুর হিল্টন টাওয়ারের সামনে থেকে ৭/৮ জন ছিনতাইকারি অস্ত্রের মুখে রিক্সার গতিরোধ করে ৭ লক্ষ টাকা ছিনিয়ে পালিয়ে যায় । পরে গ্রাহকরা থানায় একটি  অভিযোগ করে। এ ছিনতাইয়ের রহস্য উদঘাটনের জন্য কোতয়ালী থানা পুলিশের পাশাপাশি কুমিল্লা ডিবি পুলিশকে দায়িত্ব দেয়া হয়।

পরে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলমের নেতৃত্বে ডিবির উপ-পরিদর্শক সহিদুল ইসলাম ও শাহ কামাল আকন্দ ৩০ তারিখ রাতে ময়নামতি এলাকা থেকে নগরীর শীর্ষ ছিনতাইকারি ও একটি হত্যা মামলার আসামি মোঃ রুবেল মিয়া ওরফে দাগী রুবেলকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ গুলিসহ গ্রেফতার করে। পরে তার তথ্যমতে নগরীর চর্থা এলাকা থেকে গ্রাহকের অর্থ চুরির সাড়ে ৩ লক্ষ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত শিবলী ওরফে শিবলুকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যমতে, নগরীর নানুয়াদিঘীরপাড় থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা, একটি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ইবনে আশফাত ইকবাল ওরফে ফারহান এবং  নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরিফুল জাহান পূর্ণ, জিয়াউল হক ফাহিম, মোঃ সাইফুল ইসলাম ওরফে রনি ও ৫ হাজার টাকাসহ মোঃ মিরাজুল সাকিব ওরফে সানিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারিরা আমাদের জানায়, ওই ছিনতাইয়ের ঘটনায় ৮ জন অংশগ্রহণ করেছিল। আশফাত ইকবাল ওরফে ফারহান ও মোঃ মিরাজুল সাকিব ওরফে সানি ব্যাংকে অবস্থান করে গ্রাহকের তথ্য নেয় । আরিফুল জাহান পূর্ণ, শিবলী ওরফে শিবলু ও জিয়াউল হক ফাহিম মোটরসাইকেল যোগে গ্রাহকদের ব্যাংক থেকে অনুসরণ করে এবং রুবেল মিয়া ওরফে দাগী রুবেল , মোঃ সাইফুল ইসলাম ওরফে রনি ও রবিন গ্রাককে গতিরোধ করে অর্থ ছিনতাই করে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, ডিআইওয়ান মাহবুবুর রহমান, কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম, ডিবির উপ-পরিদর্শক সহিদুল ইসলাম ও শাহ কামাল আকন্দ ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি