পূর্বাশা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবা“ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ কথা বলেন।
তিনি বলেন, সরকার দাবি করে তারা উন্নয়ন করছে, বিদেশে তারা সমর্থন পাচ্ছে, এ কথাগুলো যদি সত্য হয় তাহলে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিবে তারা। প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিবেন বলে আমরা আশা প্রকাশ করছি।
একাদশ সংসদ নির্বাচন এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু।
বর্তমান ‘সংকট’ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ, বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, মাহবুবুর রহমান শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।























































