শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কর ফাঁকিকে ‘স্মার্ট’ বলছেন ট্রাম্প, মার্কিনিরা কী বলছেন?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০১৬

base_1475663211-donald-trump

পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ব্যবসায় ক্ষতি দেখিয়ে প্রায় ১৮ বছর কর ফাঁকি দিয়েছেন। তবে এটিকে অন্যায় নয় বরং ‘স্মার্টনেস’ হিসেবেই দেখছেন ট্রাম্প। তার এই বক্তব্য নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। ভাইস প্রেসিডেনশিয়াল বিতর্কেও বিষয়টি উঠে এসেছে।

তবে মঙ্গলবার (৪ অক্টোবর) এক মতামত জরিপে দেখা যাচ্ছে, কিছু মার্কিনি ট্রাম্পের সঙ্গে এ ব্যাপারে একমত হলেও অধিকাংশই মনে করেন, ট্রাম্প একটা স্বার্থপর, দেশপ্রেমহীন মানুষ।

জরিপে দেখা গেছে, প্রায় ৬৭ শতাংশ আমেরিকান এ কাজের জন্য ট্রাম্পকে স্বার্থপর ভাবছেন ও ৬১ শতাংশ মনে করছেন তার মধ্যে কোনো দেশপ্রেম নেই।

অন্যদিকে ৪৬ শতাংশ মানুষ মনে করছেন, কাগজপত্রে করের পরিমাণ কম দেখানোর দক্ষতার জন্য ট্রাম্পকে সমীহ করা উচিত! এটি অবশ্যই তার প্রতিভা। এ ৪৬ শতাংশের মধ্যে ৩৫ শতাংশ ডেমোক্রেট দলের সমর্থক ও ৬২ শতাংশ রিপাবলিকান দলের সমর্থক মনে করেন, ট্যাক্স না দেয়া অবশ্যই ‘স্মার্ট’ ব্যাপার!

এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থীর দুই উপদেষ্টা নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গুলিয়ানি ও নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে বলেছিলেন, সত্যিই যদি ১৮ বছর ধরে কর ফাঁকি দিয়ে থাকেন ট্রাম্প, তবে বুঝতে হবে তার প্রতিভা আছে।

অন্যদিকে ক্রিস ক্রিস্টি বলেছিলেন, মার্কিন করব্যবস্থার অবস্থা খুব বাজে। আর ট্রাম্পই হচ্ছেন সেই বৃদ্ধিমান ব্যক্তি যিনি ওই বাজে ব্যবস্থাকে ব্যবহার করতে পেরেছিলেন। ট্রাম্পের মতো এমন জিনিয়াস লোক আর হতেই পারে না!

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত সপ্তাহে এক প্রতিবেদনে ১৯৯৫ সালে ট্রাম্পের আয়কর বিবরণীর আংশিক প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ৯০ কোটি ডলারের বেশি লোকসান দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন তিনি। অথচ সে বছর তার ব্যবসা যথেষ্ট ভালো ছিল। নিউইয়র্ক টাইমস দাবি করেছে, এভাবে আনুমানিক ১৮ বছর কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গত কয়েক দশকের ইতিহাসে ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি প্রেসিডেন্ট প্রার্থী হয়েও সম্পূর্ণ আয়কর বিবরণী প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। অবশ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অস্বীকারও করেননি তিনি।
ট্রাম্পের আয়কর বিষয়ক সাবেক হিসাবরক্ষক জ্যাক মিটনিক এর সত্যতা নিশ্চিত করেছেন। পরে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কর আইনের সুবিধাটা তিনি অত্যন্ত দক্ষতার সাথেই ব্যবহার করেছেন!

এর আগে গত মাসে প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে হিলারি ক্লিনটন কর ফাঁকির অভিযোগ তুললে ট্রাম্প তার জবাবে এই প্রতারণাকে ‘স্মার্ট’ বলে অভিহিত করেন।

এদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটি নিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির থেকে অভিযোগ তোলা হয়েছে, প্রতিবেদনটি তার অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়েছে। তিনি অন্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তুলনায় করবিধি ও কর সংক্রান্ত বিষয়গুলো কীভাবে সামলাতে হয় তা সবচেয়ে ভালো জানেন। এটি ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের প্রচার শিবিরের চালানো একটি নোংরা প্রচারণার অংশ মাত্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি