শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তান এখন বলছে সত্যিই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হয়েছে!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০১৬

image

পূর্বাশা ডেস্ক:

এখন দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে সিএনএন নিউজ ১৮-এর করা অন্তর্তদন্ত। যার রিপোর্টে প্রকাশ করা হয়েছে পাকিস্তানের এক পুলিশ কর্তার কথোপকথন। এই পুলিশ কর্তার দাবি, ২৯ সেপ্টেম্বর রাতে ভারত সত্যি সত্যি ‘সার্জিক্যাল অ্যাটাক’ করেছে। আর এই কথোপকথন ভারতীয় সংবাদমাধ্যম-সহ বিশ্ব সংবাদমাধ্যমেও প্রকাশিত হওয়ায় ইসলামাবাদ এখন কার্যত চুপ।

কে এই পুলিশ কর্তা? সিএনএন নিউজ ১৮-এর প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, এই পুলিশ কর্তাটি হলেন পাক-অধিকৃত কাশ্মীরের মীরপুর রেঞ্জের স্পেশাল ব্রাঞ্চের এসপি, গুলাম আকবর। কিন্তু, কীভাবে পাওয়া গেল পাক-অধিকৃত কাশ্মীরের পুলিশ কর্তা গুলাম আকবরের স্বীকারোক্তি?

সিএনএন নিউজ ১৮-এর সাংবাদিক নিজেকে আইজি মুস্তাকের পরিচয় দিয়ে গুলাম আকবরের সঙ্গে কথা বলেন। আর সে সময়ই কথোপকথনে গুলাম জানান, ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এ অন্তত ৫ পাক সেনার মৃত্যু হয়েছে এবং ৯ জন গুরুতর আহত হয়েছে। এছাড়াও, নিহত হয়েছে আরও ১২ জঙ্গি। এদের অধিকাংশকেই স্থানীয় গ্রামগুলিতে সমাধিস্থ করা হয়েছে বলেও জানান গুলাম। জঙ্গিদের মৃত্যুর সংখ্যা আরও ছিল বলেও গুলাম দাবি করেন। তবে, সে সব দেহ কোথায় তা তিনি জানেন না। কারণ, ‘সার্জিক্যাল’ হামলা হওয়া এলাকাগুলিতে অসংখ্য কফিন পাঠানো হয়। এমনকী, সেনার মদতেই লস্কর-ই-তইবা এই জঙ্গি শিবিরগুলি তৈরি করেছিল বলেও গুলাম সিএনএন-নিউজ ১৮-র প্রতিনিধিকে জানিয়েছেন। সার্জিক্যাল স্ট্রাইকে নিহত জঙ্গিদের অনেকের নাম পরিচয়ও নাকি সিএনএন নিউজ ১৮-র প্রতিনিধিকে বলে দেন গুলাম। যদিও, সিএনএন নিউজ ১৮ সেইসব নাম সর্বসমক্ষে আনেনি। লস্করের তৈরি করা এই জঙ্গি শিবিরের এক একটিতে ৫ থেকে ৬ জন জঙ্গি ছিল বলেও জানান গুলাম। হামলায় ৫ থেকে ৬টি ক্যাম্প ধ্বংস করে ভারতীয় সেনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি