মঙ্গলবার সকালে বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ আর ‘দর্পণ বিসর্জনের’ মধ্য দিয়ে দুর্গা পূজার শাস্ত্রীয় সমাপ্তি ঘটে। ভাসানে বিষাদের সুর থাকলেও শেষ বারের মতো মন্ডপগুলোতে ঢাক-ঢোল আর কাসরের তালে তালে চলে সিঁদুর উৎসব। বিকেল চারটার পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। আর এই বিসর্জনের মাধ্যমেই শেষ হবে বাংলা ভাষাভাষী অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের।
শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও বিসর্জনের আগে রাজধানীর ম-পে ম-পে দুপুর পর্যন্ত চলে আবীর খেলা আর আনন্দ, উৎসব। এরপর বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে আসা শুরু হয় ঢাকেশ্বরী মন্দিরে। বিকাল ৪টায় সেখান থেকেই বিজয় শোভাযাত্রা নিয়ে ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন করা হবে।
বাঙালি নারীদের জন্য সিঁদুর খেলা অনেকটাই তাৎপর্যপূর্ণ। সিঁদুর বিবাহিত জীবনের চিহ্ন। তাই বিজয় দশমীর দিন প্রত্যেক সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারীরা সিঁদুর খেলায় লাল রঙ্গে রঙিন হয়ে উঠে।
এই দিনটা তাদের যেমন আনন্দের তেমন দুঃখের। দুর্গা মা তার মায়ের বাড়ি মাত্র পাঁচ দিনের জন্য আসে এবং শেষ দিন সে শ্বশুড় বাড়ি ফিরে যায় তাই মাকে বিদায় জানানো হয় মিষ্টি, সিদুর’র মধ্য দিয়ে।
এই খেলাটি বিবাহিত নারীদের জন্য একসময়ে সীমাবদ্ধ ছিলো। তবে বর্তমানে এ খেলাটি সবাই মিলে উদযাপন করে থাকে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত উৎসবে মেতে ওঠে।
মঙ্গলবার বেলা ৩টায় ঢাকেশ্বরী মন্দিরে এক হবে রাজধানীর ২২৯টি মন্ডপের প্রতিমা। ৫ টায় বিসর্জনের পথে বুড়িগঙ্গার পথে যাত্রা করবে দেবী দুর্গা। দুর্গা যাওয়ার শেষ বেলায় হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নিবে বিসর্জন শোভাযাত্রায়।























































