পূর্বাশা ডেস্ক:
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্রে অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশে যাতে না পড়ে সে বিষয়টি স্পষ্ট থাকবে -এমনটাই জানিয়েছেন ঘোষণাপত্র উপ কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপ-কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। আগামী ২২ থেকে ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
শেখ সেলিম বলেন, অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশে যাতে না পড়ে সে বিষয়টি স্পষ্ট থাকবে। সরকার পরিবর্তন বুলেটে নয়, ব্যালটে হবে। সেই বিষয়টিও ঘোষণা পত্রে থাকবে। দেশকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলার দিকনির্দেশনাসহ ঘোষণাপত্র চূড়ান্ত হতে যাচ্ছে। এ ঘোষণাপত্রের আলোকে আওয়ামী লীগের আগামী নির্বাচনের ইশতেহার তৈরি করা হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কথাটি বরাবরের মত এবারও আমাদের ঘোষণাপত্রে থাকবে। দেশে একজন যুদ্ধাপরাধী থাকা পর্যন্ত তার বিচার হবে। তিনি বলেন, আওয়ামী লীগের এ ঘোষণাপত্রে সামাজিক নিরাপত্তার কথা রাখা হয়েছে। সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দুরে সরকারের গৃহীত পদক্ষপের কথাও উল্লেখ থাকবে।
শেখ সেলিম বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করার জন্য গৃহিত ১০টি মেগাপ্রকল্পের ঘোষণা থাকবে। যা বাস্তবায়ন হবে ২০৪০ সালের মধ্যে। যা সম্পূর্ণ হলে দেশের অর্থনৈতিক ভিত মজবুত হবে। তিনি বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র জয় করেছি। সমুদ্রে যে প্রচুর পরিমাণ ঐশ্বর্য রয়েছে তা ব্যবহারের প্রক্রিয়াও আমাদের ঘোষণাপত্রে থাকবে।























































