মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চ্যারিটি ম্যাচে ম্যারাডোনাদের হার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০১৬

স্পোর্টস ডেস্ক ঃ

পোপ ফ্রান্সিসের উদ্যোগে ইতালির রোমে অনুষ্ঠিত হয়ে গেল শান্তির জন্য চ্যারিটি ম্যাচ। দিয়েগো ম্যারাডোনার পাশাপাশি ক্রেসপো, কাফু, ফ্রান্সেস্কো টট্টি ও রোনালদিনহোদের মতো সাবেক কিংবদন্তি ফুটবলাররা এতে অংশ নেন। এছাড়াও আরো অনেক সাবেক তারকাদের খেলা উপভোগ করেন দর্শকরা।

অলিম্পিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচটিকে লা লিগা একাদশের কাছে ৪-৩ গোলে হেরে যায় বিশ্ব একাদশ। একমাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনা খেলা চলাচালীন স্বদেশী হুয়ান সেবাস্তিয়ান ভেরনের ওপর ম্যারাডোনার ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ!

বরাবরের মতোই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ৮৬’র বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা। আগের সেই কারিকুরির ঝলক দেখান আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। কয়েকবার ক্ষিপ্র গতির প্রদর্শনীও উপহার দেন তিন। অবশ্য গোলের দেখা পাননি ৫৫ বছর বয়সী এ ফুটবল গ্রেট। শেষ পর্যন্ত তার দলও (ব্লু টিম) হেরে যায়।

নীল ও সাদা টিমে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেন ম্যারাডোনা-রোনালদিনহোরা। খেলা শুরুর এক মিনিটেই নীল দলকে লিড এনে দেন ইতালিয়ান ডি নাতালে। চার মিনিট বাদেই সাদা দলকে সমতায় ফেরান ফ্রান্সের কানোতে।

ইতালিয়ান আইকন টট্টির গোলে ২২ মিনিটে আবারো লিড নেয় নীল টিম। ৩৪ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড বোজান কিরকিচের সমতা ফেরানো গোলে ম্যাচে যোগ হয় বাড়তি উত্তেজনা। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে স্কোরশিটে নাম লেখান এক সময়ের আর্জেন্টাইন ‘গোলমেশিন’ হার্নান ক্রেসপো। ৩-২ গোলে এগিয়ে যায় হোয়াইট টিম।

এক মিনিট না যেতেই আবারো খেলায় ফেরে ব্লু টিম। গোলটি করেন সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস বুর্দিসো। ঠিক দশ মিনিট পরই সাদা দলের হয়ে জয়সূচক গোলটি করেন বুর্দিসোর স্বদেশী স্ট্রাইকার কাভেনাগি।

নীল দল (বিশ্ব একাদশ): মোন্দ্রাগন, কাফু, আলডায়ার, বুর্দিসো, কান্দেলা, তাদ্দেই, কার্বোনে, মাউরি, ম্যারাডোনা, ডি নাতালে, টট্টি।

সাদা দল (লা লিগা একাদশ): বাইজারি, জামব্রোত্তা, মার্কুয়েজ, সানচিস, আবিদাল, ডেভিডস, ভেরন, বোজান, রোনালদিনহো, ক্রেসপো, কানোতে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি