শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় যুবক ফোনের টাওয়ার লুট


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০১৬

chandina-news-pic-1

বিশেষ প্রতিবেদক ঃ
কুমিল্লার চান্দিনায় ‘যুবক ফোন’ টাওয়ারের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এসময় স্থানীয়দের সহযোগিতায় ট্রাক ভর্তি মালামালসহ চালককে আটক করে পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাশহর এলাকার ‘যুবক ফোন টাওয়ার’ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ট্রাক ড্রাইভার নওগা জেলার সদর উপজেলার লস্করপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে কাবিল হোসেন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাশহর এলাকার প্রভাবশালী একটি চক্র কুমিল্লা শহর এলাকার কোন এক ব্যবসায়ীর কাছে পরিত্যক্ত ওই টাওয়ারের মালামাল বিক্রি করে দেয়।
মঙ্গলবার বিকাল থেকে ওই টাওয়ারের মালামাল ট্রাক ভর্তি করার সময় স্থানীদের সন্দেহ হয়। পরে তারা এগিয়ে এসে মালামাল ট্রাক ভর্তির বিষয়টি জানতে চাইলে চক্রটি জানায়, সরকার যুবকের মালামাল জব্দ করছে, তাই সরকার ওই মালামাল এখান থেকে অন্যত্র সরিয়ে নিচ্ছে বলে এলাকাবাসীর চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে।
এর মধ্যে এক ট্রাক মালামাল সরিয়ে নেওয়ার মধ্যে রাতে স্থানীরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে ভুল ভাঙ্গে এলাকাবাসীর। পরে রাত সাড়ে ৯ টায় চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৮১৩) ভর্তি টাওয়ারের মালামাল সহ ট্রাকের চালককে আটক করে পুলিশ।
চান্দিনা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আমি খবর পেয়ে তাৎক্ষনিক ফোর্স পাঠিয়ে মালামালসহ একজনকে আটক করি। এ ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি