মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বুড়োদের’ রেকর্ড এখন শুধুই ইউনিসের


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১০.২০১৬

8ca556c6c501c85c1f994900f99ea0bd-younis

ডেস্ক রিপোর্টঃ

ইউনিস খানের দারুণ এক সেঞ্চুরিতে আবুধাবি টেস্টের প্রথম দিনের শেষে পাকিস্তানই এগিয়ে। ৪ উইকেটে ৩০৪ রানে দিন শেষ করেছে স্বাগতিক দল। নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে পাকিস্তান ৫৪ রানে জিতলেও দুবাইয়ের সে টেস্টে খেলা হয়নি ইউনিসের। আবুধাবি টেস্টেই দলে ফিরলেন, দারুণ সে প্রত্যাবর্তন! ক্যারিবীয় বোলারদের নাকানিচুবানি খাইয়ে তুলে নিলেন ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি। তাতেই গড়লেন রেকর্ড, ৩৫ বছর বা তার বেশি বয়সে সবচেয়ে সেঞ্চুরির (১৩টি) মালিক এখন ইউনিস। এত দিন ১২টি সেঞ্চুরি করে ইংল্যান্ডের গ্রাহাম গুচ ও ভারতের শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের পাশে ছিলেন তিনি।
আরও একটি রেকর্ড গড়েছেন ইউনিস। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে বেশি ৪০টি সেঞ্চুরি এখন তাঁর। ৩৯টি সেঞ্চুরি করে এতদিন তাঁর সঙ্গী ছিলেন মোহাম্মদ ইউসুফ।
অথচ দিনের শুরুটা দিচ্ছিল অন্য ইঙ্গিত। আগের টেস্টে ট্রিপল সেঞ্চুরির করা আজহার আলী শূন্য রানে আউট। শ্যানন গ্যাব্রিয়েলের বলে যখন প্লেড অন হয়ে ফিরলেন, পাকিস্তানের রান তখন ৬। একটু পরে অন্য ওপেনার সামি আসলামও ফিরলেন। উইকেটে এলেন ইউনিস। সঙ্গী হিসেবে পেলেন আসাদ শফিককে।
দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করলেন ৮৭ রান। তাতে সেট হয়ে যাওয়া শফিকই ছিলেন গৌণ ভূমিকায়। ইংল্যান্ডে নিজের সর্বশেষ ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ইউনিস যে মাঝখানের বিরতিতে ধার হারাননি সেটি বুঝিয়ে দিলেন একের পর এক শটে। দলীয় ১২৯ রানে শফিক ফেরার পর তাই বিপদে পড়েনি পাকিস্তান। মিসবাহ-উল-হককে নিয়ে রানের চাকা সচল রেখেছেন ইউনিস। দুজনের ১৭৫ রানের জুটিতে কোণঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দিনের ৭১তম ওভারে রোস্টন চেজকে চার মেরে টেস্টে পেয়ে গেলেন নিজের ৩৩তম সেঞ্চুরি।
৮৩ রানেই ফিরতে পারতেন ইউনিস। ক্রেগ  ব্রাফেট নিজের বলে ইউনিসের ক্যাচ হাত থেকে ফেলে দেওয়ায় ‘জীবন পান’ টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক। দিনের শেষ বলে সেই ব্রাফেটই ইউনিসকে ফিরিয়ে দিয়ে একটু স্বস্তি দিলেন ওয়েস্ট ইন্ডিজকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি