পূর্বাশা ডেস্ক:
সম্মেলনের দুই দিন পর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নতুন ঘোষিত কমিটিতে বেশ কিছু রদবদল এসেছে। গুরুত্বপূর্ণ তিন মন্ত্রীকে সম্পাদকমণ্ডলী থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদ পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেতারা। কমিটিতে নব কর্মোদ্দীপনা সৃষ্টি করতেই এমন পরিবর্তন বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা।
গতকাল মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা করেন। এর আগে রবিবার ২০তম জাতীয় সম্মেলন থেকে ২১টি পদে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এখনো সভাপতিমণ্ডলীর তিনটি, সম্পাদকমণ্ডলীর পাঁচটি ও ১৮টি কার্যনির্বাহী সদস্য পদ ফাঁকা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ পদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
সম্পাদকমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণাকালে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এটুকু বলতে পারি, কমিটিতে নতুন রক্তের সঞ্চার হবে।’ তিনি জানান, আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা বসবে। সেখানে কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচন করা হবে। এ ছাড়া বাকি পদগুলোসহ পূর্ণাঙ্গ কমিটি এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।
এদিকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবনির্বাচিত নেতারা গতকাল বিকেলে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীতে পদ ধরে রেখেছেন যাঁরা : আওয়ামী লীগের ছয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী তাঁদের পদ ধরে রাখতে পেরেছেন। আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুননেসা ইন্দিরা, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজও স্বপদে বহাল আছেন।
সম্পাদকমণ্ডলীতে পদোন্নতি পেলেন যাঁরা : গত কমিটির বিভিন্ন পদে থাকা চার নেতাকে সম্পাদকমণ্ডলীতে পদোন্নতি দেওয়া হয়েছে। গত কমিটির উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল সাংস্কৃতিক সম্পাদক, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, এনামুল হক শামীম সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
নতুন যুক্ত হলেন যাঁরা : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর বিভিন্ন পদে চার নতুন মুখ যোগ হয়েছেন। তাঁরা হলেন অর্থ ও পরিকল্পনা সম্পাদক টিপু মুন্সি, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল।
দলীয় সূত্রগুলো জানায়, রংপুর-৪ আসনের সংসদ সদস্য টিপু মুন্সি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ব্যবসায়ীদের সংগঠন বিজেএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সি এনভয় গ্রুপের চেয়ারম্যান। এক সময় তিনি গুলশান থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক পদ পাওয়া শামসুন নাহার চাঁপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্র সংসদের জিএস ছিলেন।
ডা. রোকেয়া সুলতানা ছাত্রলীগের মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হন। এরপর কর্মজীবনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সঙ্গে যুক্ত হন। তিনি বর্তমানে স্বাচিবের সহসভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহসভাপতি।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পারিবারিকভাবেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
গুরুত্বপূর্ণ পদ পেলেন ছাত্রলীগের সাবেক নেতারা : আওয়ামী লীগের এবারের কেন্দ্রীয় কমিটিতে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীতে ছাত্রলীগের সাবেক নেতাদের কারো স্থান না হলেও সংগঠনটির পাঁচজন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। অতীতের যেকোনো কমিটির তুলনায় ছাত্রলীগের সাবেক নেতাদের এবারই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা।
ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক হয়েছেন। সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল। ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম পেয়েছেন সাংগঠনিক সম্পাদক পদ।
ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন এমন কয়েকজন নেতাও গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজিত রায় নন্দী ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুস সোবহান গোলাপ দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা ও মুন্সীগঞ্জের একটি কলেজের ছাত্র সংসদের ভিপি মৃণাল কান্তি দাস মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্র সংসদের জিএস শামসুন নাহার চাঁপা শিক্ষা ও মানবসম্পাদকবিষয়ক সম্পাদক পদ পেয়েছেন।
এখন পর্যন্ত পদ হারালেন যাঁরা : আওয়ামী লীগের গত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বেশ কয়েকজন নেতা তাঁদের পদ ধরে রাখতে পারেননি। নূহ-উল-আলম লেনিন ও সতীশ চন্দ্র রায় সভাপতিমণ্ডলীর সদস্য থেকে বাদ পড়েছেন।
দলীয় সূত্রগুলোর মতে, সতীশ চন্দ্র রায়ের সততা ও দলীয় প্রধানের প্রতি আনুগত্য সত্ত্বেও তাঁর বয়স বিবেচনা করে এবং রংপুর বিভাগের অন্য এক নেতাকে সভাপতিমণ্ডলীতে স্থান দেওয়ার কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর বাদ পড়েছেন। দলীয় সূত্রগুলো জানায়, বীর বাহাদুরের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে অসন্তুষ্টি ছিল। তাঁর জায়গায় সাংগঠনিক সম্পাদক হয়েছেন মহিবুল হাসান চৌধুরী নফেল। তাঁর বাবা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দলের স্থনীিয় রাজনীতিতে। কিন্তু চট্টগ্রামের জটিল রাজনীতির সমীকরণে মহিউদ্দিন চৌধুরীকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া যায়নি। ফলে নফেলকে সাংগঠনিক সম্পাদক করে মহিউদ্দিন চৌধুরীর প্রতি সম্মান জানানো হয়েছে। বীর বাহাদুরকে বাদ দেওয়ার এটিই বড় কারণ।
এ ছাড়া সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনা সম্পাদক আ হ ম মুস্তফা কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এ বি তাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইয়াফেস ওসমান, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল তাঁদের পদ হারিয়েছেন।
দলীয় সূত্রগুলো জানায়, আ হ ম মুস্তফা কামাল সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী, আসাদুজ্জামান নূর সংস্কৃতিমন্ত্রী, ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী। গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই তিন নেতাকে সরানো হয়েছে মূলত অন্য নেতাদের সুযোগ তৈরির লক্ষ্যে। এ বি তাজুল ইসলাম মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী থাকার সময় তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মাননায় ক্রেস্ট জালিয়াতির অভিযোগ ওঠে। পরে আর মন্ত্রিসভায় স্থান হয়নি তাজুল ইসলামের। সর্বশেষ তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের পদও হারালেন।
আওয়ামী লীগের সূত্রগুলোর মতে, ফরিদুন্নাহার লাইলী ও বদিউজ্জামান ভূঁইয়া ডাবলুকে সরানো হয়েছে দলীয় কর্মকাণ্ডে গতি বাড়ানোর জন্য। সংগঠনে নিষ্ক্রিয়তার কারণে বাদ পড়েছেন দেওয়ান শফিউল আরেফিন টুটুল।
ফাঁকা আছে যে পদগুলো : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর তিনটি পদ এখনো পূরণ করা হয়নি। সম্পাদকমণ্ডলীর সাতটি পদ— আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, যুব ও ক্রীড়া সম্পাদক, উপদপ্তর সম্পাদক, উপপ্রচার সম্পাদক পদ এখনো ফাঁকা রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ১৮টি সদস্য পদে নতুন নেতৃত্ব ঘোষণা এখনো বাকি রয়েছে।
গতকাল কমিটির সদস্যদের নাম ঘোষণাকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলে অনেক পরিবর্তন আসছে। যারা জনগণের সঙ্গে আচরণ খারাপ করবে, যাদের অপকর্মের কারণে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন নিয়ে প্রশ্ন থাকবে।’
কম পরিচিত একাধিক নেতার কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে চমকের কিছু নেই। প্রেসিডিয়ামে যাঁরা নতুন এসেছেন, তাঁদের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে। ঢাকার পাদ-প্রদীপের আলোয় তাঁরা নেই কিন্তু নিজের এলাকা তথা তৃণমূলে তাঁরা অত্যন্ত অভিজ্ঞ এবং পোড় খাওয়া। আমাদের নেত্রী তৃণমূল থেকে অনেককে টেনে এনেছেন।’
ছাত্রলীগের সাবেক নেতাদের এবারের কমিটিতে অগ্রাধিকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, কমিটিতে আরও নতুন মুখ আসবে। নতুন রক্ত সঞ্চালন এখানে থাকবে।’
এবারের কমিটিতে সাবেক বাম নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে বাম-ডানের বিষয় নয়। মতিয়া চৌধুরী ১৯৮০ সালে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, প্রায় ৩৬ বছর। এখনো তাঁকে আমরা বাম বলব? এত দিন পরে তাঁদের বাম-ডানে চিহ্নিত করা সুবিচার হবে না।’


























































